ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সে খেলতে ইংল্যান্ড যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজ। বুধবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। এমন সময়ে চারপাশ থেকে শুভেচ্ছাবন্যায় ভাসছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই সদস্য। ফেসবুকে এবার তাকে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দিলেন ক্রীড়া বিশ্লেষক ফরহাদ টিটো।
নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, বিমান থেকে নামতে নামতে না নামতেই হয়তো মাঠে নেমে যেতে হবে তাকে ম্যাচ খেলতে। ঢাকা থেকে লন্ডন, এত লম্বা, ক্লান্তিকর এক ভ্রমণ শেষে দু’দেশের সময়ের বড় পার্থক্যটাও বাধা হয়ে দাঁড়াবে তার কয়েকটা দিন। ইংল্যণ্ডের দুপুর মানে বাংলাদেশের রাত। বিকাল বা সন্ধ্যাবেলায় যখন খেলতে নামবে মুস্তাফিজ চোখ বন্ধ হয়ে আসতে চাইবে ঘুমে। Jet lag নামের সর্বগ্রাসী ক্লান্তি কারো কাটে দুই দিনে, কারো আরো বেশি।
এর বাইরে, এতদিন ফিজের যা সব সাফল্য তার সবই ভারত আর বাংলাদেশে। জাতীয় দলের মুস্তাফিজের সামনে সত্যিই এক বড় চ্যালেঞ্জ এখন। এমন উইকেটে, এমন পরিবেশ আর এমন আবহাওয়ায় বল কিভাবে করতে হয় তা তার জানা নেই। এমন দেশে খেতে, পরতে, চলতে, মিশতে কিভাবে হয় তাও তার অজানা।
সবশেষে ফরহাদ টিটো লিখেছেন, তবু তার বুক ভরতি সাহস আর স্বপ্ন – আমার সন্দেহ নাই । তার সামনে থাকছে চিরচেনা বাইশ গজেরই মাটির পিচ, ব্যাট হাতে থাকছে অন্য দশের মতো আরেক ব্যাটসম্যান, তার গ্রিপে থাকছে ক্রিকেটেরই বল।
সুতরাং…. না পারার কী আছে ।
ফিজের জন্য দুই হাত ভরা প্রার্থনা আর নি:শর্ত শুভকামনা !







