টসের পরই সাউথ আফ্রিকার অধিনায়ক একটি খেলা শুরু করে দিলেন। সোজাসাপ্টা বলে দিলেন, এই উইকেটে আমি ১০ বারের মধ্যে ৯ বারই আগে ব্যাটিং নিতাম! বাংলাদেশ কাপ্তান মুশফিকুর রহিম প্লেসিসকে শুনেছেন কি না তা কে জানে! শুনে থাকলে নিশ্চয়ই ‘জবাব’টা দিতে চাইবেন।
জবাবের পথে এখন পর্যন্ত মুশফিককে ব্যর্থই বলতে হবে। টস জিতে বোলিং নেয়ার অর্থ হলো শুরুতে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়া। মুশফিকের বোলাররা সেটা আর পারছেন কই! দলগত পরিকল্পনা কতটা নড়বড়ে তা বোঝা গেল প্রথম ছয় ওভারে চারজন বোলারকে ব্যবহার করা দেখে!
আজ থেকে ঠিক আট বছরেরও বেশি সময় আগে সাউথ আফ্রিকার এই মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সেটা ছিল সফরের প্রথম টেস্ট। বাংলাদেশ ইনিংস এবং ১২৯ রানের ব্যবধানে হেরেছিল। এবার দ্বিতীয় টেস্টে মুশফিকুর রহিম টস জিতে একই সিদ্ধান্ত নিলেন। প্রথম টেস্টে এই কাজ করায় যাচ্ছেতাইভাবে হারতে হয়েছিল দলকে।
ব্লুমফন্টেইনের উইকেট প্রথম ম্যাচের উইকেটের চেয়ে একটু বাউন্সি হওয়ার কথা। হালকা ঘাসও আছে। কিন্তু বাংলাদেশি বোলাররা এখন পর্যন্ত স্বাগতিক ব্যাটসম্যানদের এতটুকু বিব্রত করতে পারেননি।
মুশফিক সান্ত্বনা খুঁজতে পারেন শন পোলকের কাছ থেকে। টস রিপোর্টের সময় তিনি বলছিলেন, এটি অবশ্যই আগে বোলিং নেয়ার উইকেট। তাহলে প্রশ্ন হলো প্লেসিস কেন ওই কথা বললেন?
ইটস অ্যা গেম। যতটা না শারীরিক, তার চেয়ে বেশি মানসিক। আপনাকে এই ‘খেলা’য় অংশ নিতে হবে বল মাঠে গড়ানোর আগে থেকে শেষ বল পর্যন্ত। মুশফিক নিশ্চয়ই সেটা জানেন।







