প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় পিছিয়ে পড়লেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনিকের ব্যাটিংয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা মাড়িয়ে ৮১ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। হাসান মাহমুদের মতো টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদও বিশ্বাস করেন, বাংলাদেশ দুইশ রানের লিড নিতে পারে।
দ্বিতীয় দিন শেষে পেসার হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রোটিয়াদের দুইশর বেশি লক্ষ্য দিতে পারলে জয় সম্ভব।
দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তোলা বাংলাদেশ তখনও ১০১ রানে পিছিয়ে ছিল। আলোকস্বল্পতার কারণে তৃতীয় দিন খেলা হয়েছে ৫৭.৫ ওভার, যেখানে রান এসেছে ১৮২। ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজ ৮৭ এবং নাঈম হাসান ১৬ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ৮১ রান।
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের লিড দুইশ হতে পারে কিনা জানতে চাইলে মুশতাক আহমেদ বললেন, ‘কেন নয়, আমি এটা (দুই শতাধিক রান) বিশ্বাস করি। টেস্ট ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। সেশন বাই সেশন ধরে খেলতে হয়। প্রথম ইনিংসে তাইজুলও ১৬ রান করেছে, এটাই টেস্ট ক্রিকেট।’
মিরাজের সাথে দারুণ সঙ্গ দিয়েছেন জাকের আলী অনিক। ব্যাট হাতে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ফিফটি।
ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে পাকিস্তানের সাবেক কিংবদন্তি স্পিনার বললেন, ‘জয়কে দেখে আমি খুবই মুগ্ধ। তার দারুণ মেজাজ আছে। মূলত বাঘের মতো লড়াই করেছে। প্রথম ইনিংসেও সে ভালো করেছে। প্রথমদিনে প্রথম তিন ঘণ্টায় পিচ জঘণ্য ছিল, বল সিমিং করেছে, তবে সে যুদ্ধ করছিল।’








