মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯ এর চ্যাম্পিয়ান হলেন তিন ছোট্ট প্রতিযোগী। এবারের সেরার মুকুটটা উঠলো তাদেরই মাথায়। এবারের সিজনের সেরা কৌতুক শিল্পী হিসেবে আদিত্য, রক্তিমা আর সুমনের নাম ঘোষণা করেন মীর।
রোববার মধ্যরাতে ভারতের জি বাংলা টেলিভিশন চ্যানেলের অন্যতম জনপ্রিয় এ অনুষ্ঠানটির গ্রান্ড ফিনালের চ্যাম্পিয়ানের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে একটি ব্র্যান্ড নিউ প্রাইভেট গাড়ির চাবি ও দুই লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
গত ছয়মাস ধরে চলছিলো এ অনুষ্ঠানটি। সেখানে ভারতের নানান কৌতুকশিল্পীর পাশাপাশি বাংলাদেশী প্রতিযোগীরাও ছিলো। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ভারতের বাকুড়ার উৎপল ঘোষ। যৌথভাবে দ্বিতীয় রানার আপ হন বাংলাদেশের দুই প্রতিযোগী সাইদুর রহমান পাভেল ও কামরুদ্দিন আরমান। প্রথম ও দ্বিতীয় রানার আপকে যথাক্রমে দেড় লাখ ও এক লাখ টাকার চেক দেয়া হয়।
গ্রান্ড ফিনালেতে ছয় প্রতিযোগী অংশগ্রহণ করেন বাকুড়া থেকে উৎপল ঘোষ, সাইদুর রহমান পাভেল, কামরুদ্দিন আরমান, এমদাদুল হক হৃদয়, রক্তিমা, আদিত্য ও সুমন (জুটি) এবং বিশ্বজিৎ ও শান্তনু (জুটি)।
শ্রী নিকেতনের পক্ষ থেকে ছয় ফাইনালিস্টকে ১৫ হাজার টাকা করে গিফট ভাউচার দেয়া হয়। ছিলো ওসিয়া হারবালসের পক্ষ থেকেও গিফট ভাউচার। শ্রী নিকেতনের পক্ষ থেকে ছয়জনকেই পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়।
জিলেট মার্ক থ্রি কনসিস্টটেন্ট পারফরমার অব দ্য সিরিজ হন উৎপল ঘোষ ও কামরুদ্দিন আরমান। তারা বিজয়ী হিসেবে পান তিন রাত চারদিন সিঙ্গাপুর যাওয়ার টিকেটসহ অন্যান্য খরচ।
মীরাক্কেলের গ্র্যান্ড ফিনালের দিনই মীরাক্কেলের ১০ বছর পূর্তি উদযাপন করে মীরাক্কেল দল।








