রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতনের মাধ্যমে ‘জাতিগত নিধনে’ অভিযুক্ত মিয়ানমারকে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে আলোচনা করেছে ভারত।
সামরিক সরঞ্জাম সরবারহের আলোচনার মাধ্যমে মিয়ানমারের প্রতি ভারতের সমর্থনের একপ্রকারের ইঙ্গিত এমন সময় এল, যার কয়েকদিন আগেই মিয়ানমারের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়া স্থগিত ঘোষণা দেয় যুক্তরাজ্য।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতা রমণ এবং দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের সঙ্গে গত বুধবার মিয়ানমার নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফ অ্যাডমিরাল টিন অং সান সাক্ষাৎ করেন।
বৈঠকে উভয় পক্ষ সাগরে টহল নৌকা সরবরাহের বিষয়ে আলোচনা করেছে। এছাড়া মিয়ানমারের নৌবাহিনী প্রধান চারদিনের এই সফরে মুম্বাইয়ে ভারতের নৌবাহিনীর শিপ ইয়ার্ড পরিদর্শন করেছেন।
ভারতের এক সেনা কর্মকর্তার বরাতে আরও বলা হয়েছে, ‘মিয়ানমার আমাদের পূর্বমুখী নীতির একটি স্তম্ভ এবং আমাদের দুই দেশের সম্পর্কের একটি বড় জায়গা হলো প্রতিরক্ষা।’
বিশ্লেষকদের মতে, মিয়ানমারের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা বৃদ্ধির আলোচনার সিদ্ধান্ত মূলত এই অঞ্চলে চীনের প্রভাবের বিপরীতে নিজেদের অবস্থান জানান দেয়া।








