মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের প্ল্যানেট হলিউডে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৬তম আসর বসেছিল রবিবার। ঝলমলে আসরে ঘোষণা করা হয় মিস ইউনিভার্স-২০১৭ এর নাম। এ বছর মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠেছে সাউথ আফ্রিকান সুন্দরী ডেমি-লেই নেল-পিটারসের মাথায়। বিশ্বের ৯২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে খেতাব অর্জন করেছেন তিনি।
কলম্বিয়া এবং জ্যামাইকার দুই প্রতিযোগীকে হারিয়ে মুকুট জিতে নিয়েছেন তিনি। কলম্বিয়ান সুন্দরী হয়েছেন রানার আপ এবং জ্যামাইকান সুন্দরী সেকেন্ড রানার আপ। তিনজনকেই একটা চূড়ান্ত প্রশ্ন করা হয় যার উত্তরের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হয় কাকে মুকুট দেয়া হবে।
তিন সুন্দরীর ভাগ্য নির্ধারণকারী সেই প্রশ্নটি ছিল, ‘নিজের কোন গুণটি নিয়ে আপনি সবচেয়ে গর্বিত এবং মিস ইউনিভার্স হলে সেই গুণটি কীভাবে কাজে লাগাবেন?
প্রশ্নের উত্তরে মিস জ্যামাইকা ডাভিনা বেনেট বলেন, ‘আমার লক্ষ্যের দিকে আগানোর প্রয়াস নেব। আমি বধিরদের একটি ফাউন্ডেশন নিয়ে কাজ করি। মিস ইউনিভার্সের প্ল্যাটফর্ম আমার এই কাজের জন্য সহায়ক হবে।’
কলম্বিয়ার প্রতিযোগী লরা গনজালেজ বলেন, ‘আমি সব কাজেই ভীষণ উদ্যমী। প্রতিটি ক্ষেত্রেই আমি আমার পুরোটা ঢেলে কাজ করি। একজন অভিনেত্রী হিসেবে এবং মিস কলম্বিয়া হিসেবেও আমি তাই করেছি। মিস ইউনিভার্সের মুকুট জিতলেও তাই করব।’
মিস ইউনিভার্স ডেমি-লেই নেল-পিটারসের মুকুট জয়ী উত্তরটা ছিল, ‘একজন ব্যক্তি হিসেবে আত্মবিশ্বাসী হতে হবে। মিস ইউনিভার্স হলেন সেই মানুষটি, যে নিজের সব ভয়কে পরাজিত করে অন্য নারীদের ভয় দূর করার জন্য অনুপ্রেরণা যোগাবে।’ ইন্ডিয়া টুডে







