সোমবার ছিলো কাজী হাবিবুল বাশার সুমনের জন্মদিন। তবে ছুটি নয় বরং অফিসে কাজ করেই দিনটি কেটেছে তার। বিকেলে যোগ দেন অনূর্ধ্ব-১৯ দলের সংবর্ধনায়।
ধানমন্ডির সীমান্ত স্কয়ারেও খুব বেশি সময় ছিলেন না। অবশ্য এই অল্পসময়ের মধ্যেই জন্মদিন পালনের ব্যবস্থা করে ফেলেন অনুষ্ঠান কাভার করতে আসা স্পোর্টস রিপোর্টাররা। হলরুমে ঢুকেই তাদের সেলফিতে আবদ্ধ হন বার্থডে ম্যান।
মিস্টার ফিফটির জন্য মুহূর্তেই কেকও চলে আসলো। দৌঁড়ে গিয়ে দোতলার হেলভেশিয়া থেকে একটি চকলেট কেক নিয়ে আসলেন আরেক সুমন! তিনি বৈশাখি টেলিভিশনের সিনিয়র স্পোর্টস রিপোর্টার এসএম সুমন।
দুই সুমনের সঙ্গে কেক কাটাকাটিতে অন্যান্য রিপোর্টারদের সঙ্গী হন বিসিবির পরিচালক জালাল ইউনুস, কাজী ইনাম আহমেদ এবং হানিফ ভূঁইয়ারাও। ছিলেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি এবং জাভেদ ওমর বেলিম গুল্লা।
কেক কাটার সময় হাবিবুল বাশারের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন চ্যানেল টুয়েন্টিফোরের স্পোর্টস রিপোর্টার সামিউল টিটু।
টিটুর প্রশ্ন- সুমন ভাই কত হয়েছে বয়স। চিরচেনা হৃদয়কাড়া হাসিতে না সূচক মাথা নাড়লেন বাশার। তাকে সেভ করলেন হানিফ ভূঁইয়া। বললেন, ৩০ অতিক্রম করলেই আর পুরুষের বয়স জানতে নেই। আবারো হাসির রোল।
নাছোড়বান্দা সামিউল টিটুর উত্তর- ক্রিকইনফোতে সার্চ করে জেনে নেবো। আবারো হাসির ফোয়ারা। হাসতে হাসতেই গন্তব্যের দিকে রওনা হলেন ব্যস্ত হাবিবুল বাশার। যাওয়ার আগে শুধু বলে গেলেন আমার জীবনের অন্যতম সেরা একটা জন্মদিন কাটলো।







