২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণায় চমক দেখিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নির্বাচিত ক্রিকেটারদের পরিবারের সদস্যের মুখে ঘোষিত হয়েছিল সেই দল। সংযুক্ত আরব আমিরাতে হতে চলা এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায়ও চমক দেখাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রবাসী বাংলাদেশীদের মুখে বিশ্বকাপের টিম টাইগ্রেস দল জানিয়েছে বিসিবি।
বিসিবি বিশ্বকাপ দল ঘোষণায় একটি ভিডিও বানিয়েছে। সেখানে প্রথমে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। মেয়েদের ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল পরিচয় দিয়ে বলেন, এবারের বিশ্বকাপ দলটা একটু ভিন্নভাবে ঘোষণা করতে চাই। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীরা এবারের দল ঘোষণা করবেন।
প্রথমেই সুবর্ণা শারমিন নামের কানাডা প্রবাসী একজন নারী বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম জানান। এরপর পেসার মারুফা আক্তারের নাম জানান কানাডা প্রবাসী শারমিন।
সাউথ আফ্রিকার জোহানেসবার্গ থেকে রুবেল নামের একজন জানান- সামনে মেয়েদের বিশ্বকাপ, এতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এরপর তিনি দিশা বিশ্বাসের নাম বলে দলের জন্য শুভ কামনা জানান।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে নাসিমুল সাদমান দীপ ঘোষণা করেন সাথী রানীর নাম। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে বিশ্বকাপ যেখানে চলে গেছে, সেই সংযুক্ত আরব আমিরাত থেকে সাগর দেবনাথ জানান মুর্শিদা খাতুন ও স্বর্ণা আক্তারের নাম।
কাতারের দোহা থেকে নাহিদ ইসলাম নামের একজন প্রবাসী রিতু মনি ও নাহিদা আক্তারের নাম ঘোষণা করেন। একই সাথে তিনি বাংলাদেশকে বিশ্বকাপের জন্য শুভ কামনা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আকাশ রহমান জানান সুলতানা খাতুন ও সোবহানা মোস্তারির নাম।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোস্তফা ইমরান ঘোষণা করেন ফাহিমা খাতুনের নাম। ওমানের মাস্কটে থাকা ইয়াসিন চৌধুরী সিআইপি ঘোষণা করেন জাহানারা আলমের নাম।
সুইডেনের স্টকহোমে থাকা নাফিসা তাবাচ্ছুম স্বর্ণ জানান দিলারা আক্তার ও তাজ নাহারের নাম। সবশেষ সৌদি আরবের রিয়াদে থাকা প্রবাসী আল আমিন খান জানান, রাবেয়া খানের নাম।
শেষে চমক হিসেবে দেখা যায় বাংলাদেশের ছেলেদের জাতীয় দল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি বলেন, ‘আসন্ন আইসিসি ওমেন্স টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য শুভ কামনা।’
বাংলাদেশের বিশ্বকাপ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রাণী ও দিশা বিশ্বাস।







