বিনোদন

মিশার গোলাগুলি

মিশা সওদাগর

মিশা সওদাগর

১ আগস্ট, মঙ্গলবার। রাজধানীতে এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে মিশা সওদাগরের গাড়ি পার্ক করা ছিল। ভবন থেকে বের হয়ে মিশা গাড়িতে উঠবেন। গাড়ির সামনে আসতেই শুরু হলো গোলাগুলি। মিশা সওদাগরও কম যান না। ঘটনার ধাক্কা সমলে ক্ষিপ্ততার সাথে বের করলেন তার পিস্তল। গাড়ি আর পিলারের কাভার নিয়ে পাল্টা গুলি শুরু করলেন। প্রতিপক্ষের কয়েকজনকে গুলি করে মাটিতে শুইয়েও দিলেন।

তুমুল গোলাগুলি কোথায় গিয়ে থামে এ নিয়ে আশঙ্কায় সবাই। ঠিক তখন ঝিরঝির বৃষ্টি এসে গোলাগুলি পণ্ড করে দেয়। মাতাল ছবির প্রধান সহকারি পরিচালক মনির চিৎকার করে বললেন, ‘প্যাক আপ।’

বৃষ্টির ফাঁকে বাংলা ছবির জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘মাতাল  ছবির শুটিং চলছে। ছবিটি পরিচালনা করছে শাহিন সুমন। ছবির গুরুত্বপূর্ণ একটা দৃশ্য এই গোলাগুলি। আজ আমি আহত হব। আমার গায়ে গুলি লাগবে।’

ছবি ও তার চরিত্র প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘এই ছবিতে শহরের “মামা” বা গডফাদার চরিত্রে অভিনয় করছি। তবে আমার চরিত্র পজিটিভ। খলনায়ক না। সায়মন আমার ডান হাত থাকে। সায়মন বিদেশ যাওয়ায় শক্ররা আমাকে হত্যা করার সুযোগ পেয়ে যায়। টেন্ডার ড্রপ করে ফিরছিলাম। সেই সময় ওরা আক্রমণ করে বসে। এই দৃশ্যের শুটিং হচ্ছে।’

মিশা সওদাগর জানান, দীর্ঘদিন আন্দোলন ও নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। এখন তাই হাতের ছবিগুলোর কাজ শেষ করতে চান। সাংগঠনিক কাজ আর শুটিং নিয়ম করে শেষ করবেন বলে জানান।

এই মুহূর্তে সৈকত নাসিরের পাষাণ, ওয়াজেদ আলী সুমনের মনে রেখ, বদিউল আলম খোকনের হারজিৎ, সোহানুর রহমান সোহানের রাগিওয়াও বেবি ওয়াও, আশিকুর রহমানের মিশন অগ্নিপথ, জি সরকারের খোদার কসমসুপার মডেল, মান্নান গাজীর পাঙ্কু জামাই, শফিক হাসানের বাহাদুরি, হাসান শিকদারের অবতার ছবির কাজ চলছে বলে জানান মিশা সওদাগর।

বিষয়:মিশা সওদাগর
প্রতিবেদক

মুহাম্মাদ আসাদুল্লাহ

মুহাম্মাদ আসাদুল্লাহ ২০১০ সাল থেকে দেশের প্রায় সবকটি জাতীয় পত্রিকার রম্য, ফিচার, সাপ্তাহিক বিনোদন পাতায় লিখেছেন। দৈনিক প্রতিদিনের সংবাদের বিনোদন ইনচার্জ হিসেবে কাজ করেছেন । তিনটি গল্প, একটি উপন্যাসসহ চারটি বই রয়েছে তার। ফেব্রুয়ারি-২০১৭ থেকে চ্যানেল আই অনলাইনে ‘অনলাইন জার্নালিস্ট হিসেবে কর্মরত। Facebook

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…