এক টুইটেই দুই পরশি দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের ঢেউ। নতুন অতিথি আসতে যাচ্ছে শোয়েব মালিক ও সানিয়া মির্জার জীবনে। অন্তঃসত্ত্বা সানিয়া। সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। তাতে মা হওয়ার কথা জানিয়েছেন ভারতের টেনিস সুন্দরী।
টুইটে সানিয়া লিখেছেন, ‘বেবি মির্জা মালিক।’ অন্যদিকে শোয়েব লিখেছেন, ‘মির্জা মালিক।’ পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। বন্ধু এবং অনুরাগীরা অভিনন্দন জানাতে শুরু করেছেন। সানিয়ার মা হওয়ার খবর নিশ্চিত করেছেন তার বাবা ইমরান মির্জাও।
সানিয়া যে অন্তঃসত্ত্বা তা ছবিতেই বোঝা যাচ্ছে। চলতি মাসের প্রথমেই সানিয়া–শোয়েব জানিয়েছিলেন যে তারা কন্যাসন্তান চান। তখনই জল্পনা শুরু হয়ে যায়, যে নতুন অতিথি আসতে চলেছে তাদের জীবনে। আর সোমবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সানিয়া লিখেই ফেলেছেন, ‘মির্জা মালিক’। যা এখন আর জল্পনা নয়।
২০১০ সালে ভারতের টেনিস সুন্দরী বিয়ে করেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে। দু’জনের ক্যারিয়ারেই অনেক উত্থান–পতন এসেছে। এখন তাদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। দেখা যাক সন্তানের জন্মের পর দু’জনের ক্যারিয়ারগ্রাফ উর্ধ্বমুখী হয় কিনা।







