বাংলাদেশ-ভারতের মধ্যেকার ক্রিকেট যুদ্ধে বাগড়া দিতে আবারো হাজির হয়েছে বৃষ্টি। বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের দ্বিতীয় দিনের ম্যাচে আবারও বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। মিরপুরের আকাশে সকাল থেকেই কালো মেঘের আসা-যাওয়া।
আবহাওয়া বিশ্লেষণ বলছে, আজ রবিবার দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ। দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টিপাতে ভাসতে পারে সারাদেশ।
এরপর সারাদিন এমনকি সন্ধ্যার দিকেও হালকা বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। বেশি রাতের দিকে আবারো হতে পারে বজ্রসহ বৃষ্টি।
অবশ্য জুন মাসে খেলা এবং বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা চিন্তা করেই বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচের জন্য একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। সে হিসেবে আজ বৃষ্টির প্রকোপে খেলা বিঘ্নিত হলে, ক্রিকেট যুদ্ধ চলবে আগামীকাল সোমবার।






