প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাদের নামে কোনো মিথ্যা মামলা দেয়া হয়নি। তারপরও তারা এমন অভিযোগ করলে তা আদালতে প্রমাণ করতে হবে। জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের পরিকল্পিত কর্মসূচির কারণেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য কাজ করে।
জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাকর্মীরা গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর দেয়া ৬ দফার দাবিতে হরতালে শ্রমিক নেতা মনু মিয়াসহ ১১ জন জীবন দিয়েছেন। ১৯৬৯ সালে শ্রমিক লীগ গঠনের পর মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটি গৌরবজনক ভূমিকা পালন করেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ সরকার পরিচালনায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, যারা উড়ে এসে জুড়ে বসে ক্ষমতা দখল করে তারা দেশের জন্য কিছুই করে না বরং নিজেদের ভাগ্য উন্নয়নেই ব্যস্ত থাকে।
সরকারি এবং বেসরকারি পর্যায়ে শ্রমিকদের বেতনা ভাতা ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে, শ্রমিক লীগ নেতাদের সব সেক্টরে সংগঠন শক্তিশালী করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







