বলিউডের অন্যতম সফল নির্মাতা হিসেবে যদি কারো নাম বলতেই হয় তবে প্রথম সারিতে থাকবে করণ জোহরের নাম। সফল পরিচালক ও প্রযোজকের পাশাপাশি তিনি সিনেমাতে কাজ করেছেন অভিনেতা হিসেবেও।
কিন্তু তারপরেও নাকি তার মা (হিরু জোহর) এর স্বপ্ন এতদিন অপূর্ণ ছিল। অবশেষে পূর্ণ হচ্ছে নির্মাতার মায়ের সেই স্বপ্ন। কিন্তু কী সেটা?
মূলত করণ জোহরের মা হিরু জোহরের স্বপ্ন ছিল তার ছেলে একদিন জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস’-এর সঞ্চালক হবেন। যদিও সেটি এতদিন সম্ভব হয়নি বলিউডের ভাইজান সালমান খানের জন্য। কেননা দীর্ঘ দিন তিনিই সঞ্চালনা করেছেন এই শোয়ের।
তবে সম্প্রতি ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আসছে ‘বিগ বস’ সিজন ১৫তে সঞ্চালক হিসেবে সালমানের পরিবর্তে দেখা যাবে করণকে।
‘বিগ বস’ এ সঞ্চালক হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে করণ জানান, তিনি এবং তার মা শুরুর দিন থেকে বিগ বসের ফ্যান। তারা সবসময় চেষ্টা করেন যেন একটা এপিসোডও মিস না হয়ে যায়। দর্শক হিসেবে এই শো রীতিমতো উপভোগ করেন মা-ছেলে। মায়ের স্বপ্ন ছিল একদিন বিগ বস-এর হোস্ট হবেন করণ। অবশেষে সেই স্বপ্নপূরণ হল তার।
এদিকে ‘বিগ বস’ এর এবারের সিজনে থাকছে বড় টুইস্ট। কালার্স চ্যানেলে সম্প্রচার হওয়ার আগে ‘ভুট সিলেক্ট’ অ্যাপে দর্শক দেখতে পারবেন ‘বিগ বস’। ছয় সপ্তাহ ওটিটি প্লাটফর্মে স্ট্রিমিংয়ের পর তা টেলিভিশনে ফিরবে। ‘বিগ বস ওটিটি’-তে থাকছে ‘জনতা ফ্যাক্টর’। আমজনতার কাছে সুযোগ আসবে প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার।







