মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ‘নব-নির্বাচিত কাউন্সিলরদের নিরপেক্ষ না থেকে দলের পক্ষ হয়ে কাজ করতে হবে’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা তার দলের শৃঙ্খলা মজবুত করার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিক বলেও মনে করেন নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান জানিপপ এর চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
সদ্য শেষ হওয়া সিটি করপোরেশন নির্বাচনে দলের বিজয়ী কাউন্সিলরদের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ওই নির্দেশনা দিয়েছেন।
নির্বাচিত কাউন্সিলদের এরকম নির্দেশনার নৈতিক অবস্থান বিষয়ে অধ্যাপক কলিমউল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, কথাটি যখন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন তখন যথার্থই বলেছেন। কারণ যারা পৃথিবীতে প্রতিষ্ঠিত শক্তি হিসেবে কাজ করবেন, তাদের জন্য অবশ্যই একটা চেইন অব কমান্ড থাকা দরকার।
আওয়ামী লীগের বর্ধিত সভায় মায়ার ‘কাউন্সিলরদের চেহারা দেখে নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে ভোটাররা কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করেছেন’ বক্তবের বিষয়ে ড. কলিমুল্লাহ বলেন, তিনি এ কথা বলে দলের শৃঙ্খলা মজবুত করেছেন। যদিও স্থানীয় সরকার নির্বাচন দলীয় পরিচয়ে হওয়ার কথা নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলের পরিচয় ছাড়া স্থানীয় প্রতিনিধিরা নির্বাচিত হতে পারেন না।
জানিপপ এর চেয়ারম্যান আরও বলেন, শাসক দলের পক্ষ থেকে সরকার প্রধান এই কাজটা (শৃঙ্খলা মজবুত) করে থাকেন। আর তা এমন এক রাজনৈতিক পরিস্থিতিতে হয়, যেখানে জনপ্রতিনিধি নির্বাচনের বিষয় জড়িত থাকে। এর প্রতিফলন আমরা বিভিন্ন নির্বাচনে দেখতে পাই। এখানে অবাক হবার কিছু নাই।






