স্পোর্টস

মাস্টার্স কার্নিভালে আকরাম-জয়সুরিয়া

মাস্টার্স কার্নিভালে আকরাম-জয়সুরিয়া

এখানে আসার পর থেকেই বৃষ্টি। কখনও ভারি বর্ষণ, কখনও গুড়ি গুড়ি। তবে
টুর্নামেন্ট আয়োজক কিংবা অংশগ্রহণকারী ক্রিকেটারদের মনে একটুও চিন্তা নেই।
খেলা না হওয়ার আশংকার ছিটেফোটাও দেখা যাচ্ছে না।

চিটাগং মাস্টার্সের
অধিনায়ক আকরাম খানতো বলেই দিয়েছেন, ১৬ ওভারের ম্যাচ প্রয়োজনে ৬ ওভারে নেমে
আসবে। এরপরও সমস্যা হলে হবে সুপারওভার! তবুও ব্যাট বল চলবেই।

টানা বর্ষণে যদি ধুয়েও যায় সবকিছু তাতে কি বা আসে যায়। এটি যে একটি পিকনিক টুর্নামেন্ট তা জেনেই এখানে আসা। সমুদ্র সৈকতে এখন পুরোপুরি পিকনিক মুডে আছেন দেশের সাবেক ক্রিকেটাররা। বেশিরভাগই এসেছেন পরিবার নিয়ে। বিশ্বের দীর্ঘতম সৈকতে চলছে আড্ডাবাজি, বিচফুটবল, সার্ফিং, বোটিং, খাওয়া দাওয়া। আর সবকিছুর সঙ্গে সঙ্গে সেলফি তোলারও উৎসব।মাস্টার্স কার্নিভালে আকরাম-জয়সুরিয়া
ছবি: রতন গোমেজ, (বিসিবি)

মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম আয়োজনটা সবাই মিলে সফল করতে চান। প্রথম আয়োজন বলেই অনেক কিছু হচ্ছে তরিঘরি করে। তবে এ উৎসবটা এখন থেকে নিয়মিতই করতে চান আয়োজকরা। টুর্নামেন্টের মূল উদ্যোক্তা সাবেক তিন অধিনায়ক আকরাম খান, খালেদ মাহমুদ সুজন এবং খালেদ মাসুদ পাইলট।

বুধবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দীর্ঘ সময় নিয়ে কথা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়করা। শুধু জাতীয় দলে খেলেছেন এমন ক্রিকেটারই নন। ঢাকা লিগে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা আছে এমন মিলিয়ে প্রায় ৯০জন ক্রিকেটার তালিকাভুক্ত হয়েছেন এবার। আগামীতে ঢাকা লিগে খেলে যাওয়া বিদেশী ক্রিকেটারদেরও ডাকা হবে।মাস্টার্স কার্নিভালে আকরাম-জয়সুরিয়া
ছবি: রতন গোমেজ, (বিসিবি)

জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ক্রিকেট বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ওয়াসিম আকরাম, জয়সুরিয়ারা একসময় ঢাকা ক্রিকেট লিগের নিয়মিত ক্রিকেটার ছিলেন। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আগামীতে আমরা তাদেরও আমন্ত্রণ জানাবো। এবার অনেক কিছুই করা যাচ্ছে না সময়ের কারণে। ভবিষ্যতে এ টুর্নামেন্ট নিয়মিত হবে এবং বর্তমান সময়ের ক্রিকেটাররাও ধীরে ধীরে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের সঙ্গে যুক্ত হবেন।মাস্টার্স কার্নিভালে আকরাম-জয়সুরিয়া
ছবি: রতন গোমেজ, (বিসিবি)

শুধু কার্নিভাল হয়েই থাকছে না সাবেকদের এ আয়োজন। এখান থেকে পাওয়া অর্থ কাজে লাগাতে চান অভাবের জীবন কাটানো এমন কজন সাবেক ক্রিকেটারের সংসারে। কক্সবাজারে ১, ২ এবং ৩ সেপ্টেম্বর খেলা হবে।

টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলাটি সরাসরি দেখা যাবে চ্যানেল আইতে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…