স্পোর্টস

মাশরাফির জয়

মাশরাফির জয়

বলটা আহামরি কিছু ছিল না। মাশরাফি তবু ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হলেন। লেটকাট করার আশা ফিকে হয়ে উড়ে গেল স্টাম্প। এই দৃশ্যে লুকিয়ে আছে অধিনায়কের কম্পিত হৃদয়ের ছোঁয়া। যেদিন টি-টুয়েন্টি থেকে বিদায় নিচ্ছেন, সেদিন ৪৫ রানের জয় পেয়েছেন ঠিকই; তবু মাঠ ছাড়ার সময় মুখে রাজ্যের অন্ধকার। ব্যাটিংয়ের মত বল হাতেও অনুজ্জ্বল। কী আসে যায় তাতে!

একটা ‘গোল্ডেন ডাক’ আর ৪ ওভারে ৩০ রান দিয়ে মাত্র এক উইকেট- এসব আজ কিছুই না। ওই ক্লান্ত হাঁটু আর আকাশসমান হৃদয়ই আজ সবকিছু। মাশরাফি এই ফরম্যাট থেকে চলে যাচ্ছেন আজ সেটাই সত্য। ধ্রুব সত্য।

মাশরাফিকে জয় এনে দিতে মালিঙ্গার হ্যাটট্রিকের জবাবে মোস্তাফিজের ‘প্রায় হ্যাটট্রিক’। পরে আরও দুই উইকেট। সেই সঙ্গে সাকিবের ৩ উইকেট। ওপেনিংয়ে সৌম্য-ইমরুলের ৭১ রানের জুটি বেশি নম্বর পাচ্ছে। কোমরের ব্যথায় খেলতে না পারা তামিমের জায়গায় নেমে ইমরুল এদিন ২৫ বলে ৩৬ করেন। ১৭ বলে ৩৪ করে অন্যদের মধ্যে সাহস সঞ্চারিত করেন সৌম্য সরকার।

বাংলাদেশ জিতবে আর সাকিবের অবদান থাকবে না, এটা হয়েছে খুবই কম। আজও হয়নি। তৃতীয় উইকেট জুটিতে সাব্বিরকে নিয়ে ৪৬ রান যোগ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৩১ বলে ৩৮ রান তার। বল হাতেও আলো ছড়িয়েছেন। আর সানঞ্জয়ার বলে বোল্ড হওয়ার আগে সাব্বির ১৮ বলে ১৯ করে যান।

এই জুটির পর মালিঙ্গার তোপের মুখে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন ‘গতিদানব’। তৃতীয় বলে দারুণ এক স্লো-ডেলিভারিতে মুশফিককে বোল্ড করেন। মুশফিক ছয় বল খেলে ১৫ রান করে দিয়ে যান। পরের বলে মাশরাফি আসতে না আসতে বোল্ড হন। এরপর মিরাজ (০) এলবিডব্লিউ হয়ে ফেরেন।

জবাব দিতে নেমে শুরু থেকে ধুঁকতে থাকে স্বাগতিক ব্যাটসম্যানরা। ৪০ রান তুলতেই পাঁচজনকে বিদায় করেন মাশরাফি-বাহিনী। দলীয় ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। কুসল পেরেরাকে (৪) বোল্ড করেন সাকিব আল হাসান। পরের আঘাতটিও সাকিবের। মুনাবিরাকে (৪) রিয়াদের ক্যাচ বানান।

এরপর দলীয় ৪০ রানের মাথায় তিনটি উইকেট হারায় মালিঙ্গার দল। রিয়াদের বলে থারাঙ্গা ফেরার পর আসিলা গুনারত্নেকে (০) বিদায় করেন মোস্তাফিজ। পরের বলে শ্রীবর্ধনেকে (০) সৌম্য সরকারের ক্যাচ বানান ওই ফিজ। পেরেরা এসে হ্যাটট্রিক বল সামাল দেন।

শেষ ছয় ওভারে শ্রীলঙ্কার যখন ৬৬ রান দরকার, তখন দৃশ্যপটে আসেন মাশরাফি। ১৬তম ওভারের পঞ্চম বলে প্রসন্নকে (১১) বোল্ড করেন। এই ওভারে ৮ রান খরচ করেন বিদায়ী অধিনায়ক।

পরের ওভারে জোড়া আঘাতে জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করেন মোস্তাফিজ। দ্বিতীয় বলে অর্ধশতক তুলে নেয়া কাপুকেদারাকে বিদায় করেন। এরপর শেষ ডেলিভারিতে ফেরান মালিঙ্গাকে (০)। এক উইকেট হাতে নিয়ে ১৮ বলে ৫৩ করতে হতো লঙ্কানদের। এই অসম্ভব অর সম্ভব হয়নি। সাইফউদ্দিন যখন শেষ উইকেট পেলেন, তখন একবার আকাশে তাকালেন মাশরাফি। সতীর্থদের সঙ্গে বুক মেলালেন। জড়িয়ে ধরলেন। এ সবই আজ মিথ্যে। সত্য শুধু তার এই আসর থেকে তার চলে যাওয়া। সত্য শুধু ১-১ সমতায় সিরিজ শেষ করা।  সত্য শুধু বাংলাদেশের জয়। সত্য শুধু মুশফিক-সাকিবদের জয়।

ভুল মাশরাফির জয়!

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…