জরুরি অবস্থা জারির পর মালদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল অাকার ধারণ করেছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে দেশটির প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাইদসহ দুই বিচারপতিকে।
তাদেরকে গ্রেপ্তারের আগে সোমবার দিবাগত রাতে আটক করা হয় মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম এবং তার মেয়ের জামাই মোহাম্মদ নাদিমকে।
সোমবার রাতেই আদালত ও সরকারের দ্বন্দ্বে প্রবল উত্তেজনার মধ্যে মালদ্বীপে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন।
মালদ্বীপের প্রেসিডেন্টের দফতরের আইনী বিষয়ক মন্ত্রী আজিমা শুকুর এক সংবাদ সম্মেলনে বলেন, সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের নির্দেশনা সরকার পরিচালনায় বাধা দিচ্ছে বলে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
গত বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও বিরোধী দলের ১২ এমপি’র সাজাকে অবৈধ ঘোষণা করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছিলেন মালদ্বীপের সুপ্রিমকোর্ট।







