কথা দিয়েছিলেন মানহানির মামলায় জিততে পারলে সব অর্থই দান করবেন। কথা রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ‘লা রাজন’ পত্রিকার বিরুদ্ধে জেতা মানহানির মামলার সব অর্থই একটি দাতব্য সংস্থায় দান করে দিয়েছেন ফুটবল জাদুকর।
২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের পর স্প্যানিশ সংবাদ পত্রিকা লা রাজনে মেসির সমালোচনায় প্রবন্ধ লেখেন আলফানসো উসিয়া। তাতে সমালোচনার পাশাপাশি মেসিকে ডোপপাপী হিসেবেও অভিযুক্ত করেন আলফানসো। প্রবন্ধে লেখা হয় খেলার সময় শক্তিবর্ধক ড্রাগস ন্যানড্রোলেন নিতেন আর্জেন্টাইন অধিনায়ক!
পরে লা রাজন পত্রিকার বিপক্ষে মানহানির মামলা করেন মেসি। ২০১৬ সালের জুলাইয়ে মামলার রায় যায় তার পক্ষে। তখনই ঘোষণা করেছিলেন মামলায় জেতা সমস্ত অর্থ দান করে দেবেন ফ্রান্স ভিত্তিক দাতব্য সংস্থা ‘ডক্টরস উইথআউট বর্ডারস’এ।
বৃহস্পতিবার মামলায় জেতা ৭২ হাজার ইউরো হাতে পাওয়ার পরপরই সংস্থাটিতে দান করেছেন মেসি। পাশাপাশি মেসির ম্যানেজমেন্ট কোম্পানি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ভবিষ্যতে এমন ধরনের মানহানিকর ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে চলবেন মেসি।’







