টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তিন শিক্ষার্থীকে র্যাগিংয়ের নামে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার সকালে বিএমবি ব্যাচের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে অবস্থান ধর্মঘটও পালন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আলী সানি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নিরীহ শিক্ষার্থীদের রাতের বেলা হল থেকে ডেকে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।
এর ধারাবাহিকতায় গত পরশু রাতেও তিন ছাত্রকে হল থেকে ডেকে নিয়ে রাতভর অমানবিক নির্যাতন করে গুরুতর আহত করে।
পরে বিষয়টি জানাজানি হলে তাদের বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট ডাক দেয় তারা।
আগেও কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, সাধারণ শিক্ষার্থীরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








