বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনালের ঠিক আগ মুহূর্তে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন লাক্স তারকা ও জনপ্রিয় উপস্থাপিকা আমব্রিন। উচ্ছৃঙ্খলতার অভিযোগে চ্যানেল নাইনের কর্তৃপক্ষ বহিস্কার করেন তাকে। তবে আমব্রিন জানিয়েছিলেন নৈতিকতার বিরুদ্ধে না যাওয়ার কারণে এমনটি ঘটেছে। এসব কথা পুরনো হলেও নতুন খবর হলো নাইনের সঙ্গে হয়তো মান-অভিমানের পর্বটি শেষ করেছেন তিনি।
মঙ্গলবার বিপিএল সিজন থ্রি’র ফাইনাল ম্যাচ উপভোগ করতে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন আমব্রিন। ছবি তুলেছেন পুরনো বন্ধু চ্যানেল নাইনের ক্রু, সহকর্মী পামেলা, ধারাভাষ্যকার আলিস্টার ক্যাম্পবেল, শামীম আশরাফ চৌধুরী, ড্যানি মরিসনসহ আরো অনেকের সঙ্গে।
বুধবার আমব্রিন তার ফেসবুকে সেই ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছেন। এবং লিখেছেন, ‘বিপিএলের শেষ দিন। অনেক স্মৃতি জমেছে। চ্যানেল নাইন ও বিসিবিকে ধন্যবাদ আমাকে বিপিএল ২০১৫ এর একটি অংশ করে নেওয়ার জন্য।
তবে এর আগে চ্যানেল নাইনের বিরুদ্ধে দেয়া ফেসবুক পোস্টটিও সরিয়ে ফেলেছেন আমব্রিন। তাই আমব্রিন-চ্যানেল নাইন বিতর্কের আপাত অবসান ঘটেছে বলেই ধারণা করা যায়। ফাইনাল ম্যাচে আমব্রিনের মতো উপস্থাপিকার দায়িত্ব পালন করতে দেখা যায়নি ভারতীয় উপস্থাপিকা পামেলাকেও।







