ফুটপাথে গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলা চলেছে দীর্ঘ ১৩ বছর, এই মামলা পরিচালনা করতে প্রায় ২৫ কোটি রুপি ব্যয় হয়েছে বলিউড তারকা সালমান খানের। তবে শেষ পর্যন্ত হাইকোর্টের রায়ে ২০০২ সালের ‘হিট অ্যান্ড রান’ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সালমান খান। এমন কথাই বলেছেন সালমান খানের বাবা সেলিম খান।
গত মে মাসে এই মামলায় দাবাং তারকা সালমান খানকে পাঁচ বছরের জেলের সাজা দিয়েছিলো সেশন কোর্ট। অবশেষে মুম্বাই হাইকোর্টে এই মামলায় আপিল করা হলে মামলা থেকে বলিউডের বাজরাঙ্গি ভাইজানকে অব্যাহতি দেন কোর্ট।
সেলিম খান বলেন, সবাই ওকে শুধু কোর্ট অব্দি যেতে দেখেছে কিন্তু কতটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে তার এবং অন্যদের সময় কেটেছে তা শুধু তার কাছের মানুষরাই জানে।
২০০২ সালে বান্দ্রার রাস্তায় মাতাল হয়ে গাড়ি চালানোর সময় ফুটপাতে গাড়ি উঠিয়ে এক ব্যক্তিকে মেরে ফেলা এবং চারজনকে আহত করার অভিযোগ ছিলো সালমানের বিরুদ্ধে।






