মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহার নিদ্রাহীনতার কারণ

একজন তরুণ নারী তার স্মার্টফোনে মনোযোগী, নিদ্রাহীনতার কারণ হিসেবে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
অতিরিক্ত স্মার্টফোন ও ট্যাব ব্যবহার নিদ্রাহীনতার অন্যতম কারণ বলে জানিয়েছেন একদল গবেষক। যেসব টিনএজার দিনে দুই ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার করে থাকে, তাদের মধ্যেই এই সমস্যা বেশি দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক জীবনযাপনের জন্য টিনএজারদের প্রতিদিন অন্তত নয় ঘণ্টা ঘুমানো প্রয়োজন। সাত ঘণ্টার কম ঘুম অপর্যাপ্ত বলে ধরে নেওয়া হয়।
এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক প্রায় তিন লাখ ৬০ হাজার টিনএজারের উপর দুটি জরিপ পরিচালনা করেছেন। দুটি জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৫ সালে প্রায় ৪০ শতাংশ টিনএজার রাতে সাত ঘণ্টার কম ঘুমিয়েছে।
স্লীপ মেডিসিন ম্যাগাজিনে প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, যত বেশি সময় টিনএজাররা অনলাইনে কাটাচ্ছে, তত কম সময় তারা ঘুমাচ্ছে।
গবেষকদের মতে, যারা দিনে অনলাইনে মাত্র এক ঘণ্টা সময় কাটাচ্ছেন, তাদের চেয়ে দিনে অনলাইনে পাঁচ ঘণ্টা সময় কাটানো টিনএজারদের পর্যাপ্ত ঘুমানোর হার প্রায় ৫০ শতাংশ কম।
তাদের মতে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। আর তাই ঘুমানোর ঠিক আগ মুহূর্তে স্মার্টফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।



