চ্যানেল আইতে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘মহারানী’। আজাদ, শশী অভিনীত এ নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, শর্মীমালা, রাজিব সালেহীন প্রমুখ।
তাতীপাড়া থেকে মহাজনের টাকা দিয়ে শাড়ি কিনে গঞ্জে মহাজনের দোকানে বিক্রি করে তাজুল। মহাজনের খুব বিশ্বস্ত কর্মচারী সে। ওদিকে পাশের গ্রাম থেকে প্রতিদিন বাড়ি থেকে বড়ভাইয়ের জন্য খাবার নিয়ে আসে পরী। দেখা হয় তাজুলের সাথে। শুধু নামেই সয়, দেখতেও পরীর মতো হওয়ায় তাজুল প্রেমে পরে পরীর। লুকিয়ে লুকিয়ে ফলো করতে থাকে পরীকে। পরীকে যে মাঝি প্রতি দিন নদী পার করে নিয়ে আসে, তাজুল সেই আক্তার মাঝির শরনাপন্ন হয়। মাঝি তাজুলের হয়ে পরীকে তাজুলের ভালোবাসার কথা বলে। ধীরে ধীরে তাজুলকেও ভালোলাগতে থাকে পরীর। মাঝি পরীকে রাজি করানোর জন্য বলে, তাজুল ব্যবসা করে গঞ্জে। নিজের ব্যবসার সাথে সাথে সাত একর জমিরও মালিক তাজুল। জানাজানি হয় পরীর পরিবারে। পরীর বড় ভাই তাজুলের সম্পত্তির কথা শুনে খুশি হয়। কিন্তু গঞ্জে গিয়ে খোজ খবর নিয়ে জানতে পারে তাজুল নিছক দোকানের কর্মচারী ছাড়া আর কিছুই নয়। তাজুলের ভণ্ডামির কথা জানাজানি হলে মহাজন তাজুলকে দোকান থেকে বের করে দেয়। রাগে ক্ষোভে মাঝিকে মারতে যায় তাজুল। মাঝি স্বীকার করে পরীর সাথে যেন তাজুলের বিয়ে হয়, এ কারণে তাজুলকে নিয়ে একটু বাড়িয়ে বলেছে সে। সব হারিয়ে নিঃস্ব হয়ে তাজুল বাড়ি ফিরে যায়। দেখে বাড়িতে বসে আছে পরীর মতো একটা মেয়ে।







