করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০০৩-এ ছড়িয়ে পড়া মহামারি সার্স ভাইরাসকেও ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা ৮শ’৩ জন। অন্যদিকে সার্স ভাইরাসে সেসময় বিশ্বের ২৪টিরও বেশি দেশে মারা গিয়েছিল ৭শ’ ৭৪ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্তত ২৫টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। এতে আক্রান্ত হয়েছে প্রায় ৩৫ হাজার মানুষ। কেবল চীনের হুবেই প্রদেশেই ৭শ’ ৮০ জনের মৃত্যু হয়েছে।
চীনের মূল ভূখণ্ডের বাইরে এতে আক্রান্ত হয়ে ফিলিপিন্সে একজন ও হংকংয়ে অপর একজনের মৃত্যু হয়েছে। চীনের উহানে মারা যাওয়াদের মাঝে এক মার্কিন ও এক জাপানী নাগরিকও রয়েছে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১২ জনকে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া জাপানের ইয়োকোহামা বন্দরে উপকূলের কাছে অবস্থান করা প্রমোদতরীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ জন।
করোনা ভাইরাসের কারণে চীন থেকে যন্ত্রাংশ না আসায় দক্ষিণ কোরিয়ার উলসানে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ গাড়ির কারখানা বন্ধ করে দিয়েছে হুন্দাই। দক্ষিণ কোরিয়ার উলসানে বন্ধ করে দেয়া গাড়ির কারখানা থেকে বছরে প্রায় ১৪ লাখ গাড়ি তৈরি করা হতো।








