মুক্তির আগেই একের পর সফলতায় ভাসছে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘ডুব’। রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে এটি প্রদর্শিত হবে। এটা সফলতার পুরাতন খবর। নতুন খবর হলো চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগেও এটি প্রদর্শিত হতে যাচ্ছে। উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে। আজ রোববার দুপুরে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে অফিসিয়াল পেজে এই খবরই জানানো হয়েছে।
এখানে লেখা হয়েছে—‘জাজের ছবি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। অস্কার, কান এবং ভেনিস উৎসবে অংশ নেওয়া প্রখ্যাত পরিচালকদের সঙ্গে এই প্রতিযোগিতায় কে জিতবে, আমরা জানি না। কিন্তু তিন হাজার নতুন ছবির মধ্য থেকে মূল প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া বাংলা ছবির জন্য গৌরবের। আর এই গৌরবের অংশীদার সবাই। দেখা হবে রেড কার্পেটে। সঙ্গে থাকুন।’
এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মুক্তির আগেই একের পর আনন্দের সংবাদ। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। উৎসব শুরু হবে ১৮ জুন, শেষ হবে ২৭ জুন। এর মাঝে ২২ জুন ছবিটি প্রদর্শিত হবে। সেখানে আমি, মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা উপস্থিত থাকব। আশা করছি, ঈদের আগে ভালো সংবাদই বয়ে আনতে পারব সেখান থেকে।’
একই সময়ে মস্কো চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবেও প্রদশিত হবে ‘ডুব’ ছবিটি। এ ব্যাপারে তিনি বলেন, ‘সাংহাই উৎসবের পর সেখান থেকেই যাব মস্কোতে। সেখানেও থাকব আমরা তিনজন। এই উৎসব চলবে ২৯ জুন পর্যন্ত। উৎসব শেষে এ মাসেই দেশে ফিরব।’
‘ডুব’ ছবি প্রযোজনা করেছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। ছবিটির সহপ্রযোজক ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। এতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।
ছবি: সংগৃহীত








