হাতিয়ায় অবৈধভাবে মজুতকৃত জ্বালানি জব্দ, আটক ১

ছবি: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে হাতিয়া উপজেলা-এর তমুরদ্দি বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘বেলায়েত মটর পার্টস’ নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৮ ড্রাম (প্রায় ১ হাজার ৬০০ লিটার) অবৈধ ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে একজনকে আটক করা হয়। পরে জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি ও অবৈধ মজুদ ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






