নিজের স্ত্রীকেও খুন করেছিল মসজিদের ইমাম আব্দুল মজিদ দেওয়ানকে কুপিয়ে হত্যা করা আসামি জহিরুল ইসলাম। স্ত্রী খুনের মামলায় এখন জামিনে আছে সে।
শনিবার বিকেলে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র্যাব-১ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো: সারওয়ার-বিন-কাশেম জানান: শুক্রবার রাতে রূপগঞ্জ থানার মাঝিপাড়া মাটিঘর মসজিদে এশার নামাজ পরানোর সময় মসজিদের ইমাম মো. আব্দুল মজিদ দেওয়ানকে (৭২) ধারাল দা দিয়ে কুপিয়ে হত্যা করে জহিরুল ইসলাম। সেসময় মসজিদের মুসল্লি মো. হাবিবুর রহমান বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে জহিরুল পালিয়ে যায়। শনিবার সকাল ৯টায় রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১।
ৠাব অধিনায়ক বলেন: প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল জানায়, ২০০৭ সালে সে তার স্ত্রীকেও খুন করে। পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠালেও সে ওই হত্যা মামলায় জামিনে রয়েছে।
হত্যার কারণ সম্পর্কে র্যাব অধিনায়ক বলেন, ইমামের মেয়েকে পড়াত জহিরুল। এ নিয়ে সমস্যা ছিল। আবার মাঝেমধ্যেই ইমামের কাছে টাকা চাইত জহিরুল। বিরক্ত হয়ে ইমাম তাকে বলেন, ‘প্রতিদিন দুই এক শ টাকা দিয়ে কী করস? গাঁজা খাস নাকি?’
‘এসব কারণেই ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে জহিরুল।’
ছবি: সাকিব-উল-ইসলাম








