মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান কারিমকে ৩১০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে কিনতে যাচ্ছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং আন্তর্জাতিক প্রতিষ্ঠান উবার।
ওই প্রতিষ্ঠানের ডোমেইন কিনতে প্রাথমিকভাবে প্রকাশ্যে এ প্রস্তাব দিয়েছে উবার। তবে দুই প্রতিষ্ঠানের মধ্যে ২০২০ সালের ভেতরেই এ চুক্তি হবে।
উবার জানিয়েছে, ১৪০ কোটি ডলার নগদ অর্থ এবং বাকি ১৭০ কোটি ডলার মালিকানা পরিবর্তনের পর রূপান্তরযোগ্য নোট আকারে দেয়া হবে।
দীর্ঘ ৯ মাসের প্রচেষ্টায় এই দুই কোম্পানির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। তবে কারিমকে সম্পূর্ণ অধিগ্রহণ করার পর তাদের অ্যাপটি অকার্যকর করা হবে। তার আগে পর্যন্ত উবার-কারিম নামেই চলবে।
তবে কারিমের মালিকানা পরিবর্তন হলেও এর কো ফাউন্ডার মোদাচ্ছির শেখ, ম্যাগনাস ওলসন এবং আব্দুলাহ ইলিয়াস কারিমের সঙ্গেই থাকছেন বলে কোম্পানি সূত্রে জানানো হয়েছে। এছারাও কারিমের পরিচালনা বোর্ডে তিনজন উবারের প্রতিনিধি এবং দুইজন কারিমের প্রতিনিধিই দায়িত্ব পালন করবেন।
প্রতিযোগিতামূলক বিশ্বে উবারের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য এই চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সম্প্রতি চীন, রাশিয়া এবং দক্ষিণ এশিয়ার স্থানীয় প্রতিযোগীদের কাছে লকসান গুনে ব্যবসা বিক্রি করে দিতে বাধ্য হয়েছে উবার।
উবারের নির্বাহী প্রধান দারা খোশরেশাহি এক বিবৃতিতে বলেছেন, কারিমের সঙ্গে চুক্তির মুহূর্তটি উবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
উবার বিশ্বের প্রায় ৭০টির বেশি দেশে তাদের ব্যবসা পরিচালনা করছে। কিন্তু ল্যাটিন অ্যামারিকা ও ইন্ডিয়ায় সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছে তাদের।








