আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে উবার

চাকরি হারাবেন ৩ হাজারের বেশি

বিশ্বজুড়ে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে উবার

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে নিজেদের কর্মীসংখ্যার প্রায় ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। এতে প্রতিষ্ঠানের ৩ হাজারের বেশি কর্মী চাকরি হারাতে পারেন।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বুধবার কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খসরুশাহী এই সাংগঠনিক পরিবর্তনের কথা জানান।

তিনি বলেন, আজ আমরা উবারজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন আনছি। এর ফলে আমাদের দলের আকার প্রায় ১০ শতাংশ কমবে।

সাম্প্রতিক এক নিয়ন্ত্রক সংস্থায় দেওয়া নথি অনুযায়ী, ৭০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করা উবারে বর্তমানে প্রায় ৩৪ হাজার কর্মী রয়েছেন। ফলে ১০ শতাংশ কর্মী কমানো হলে প্রায় ৩ হাজার ৪০০ জন চাকরি হারাতে পারেন।

উবার জানিয়েছে, প্রতিষ্ঠানের কার্যক্রম আরও ‘সহজ ও দ্রুত’ করতেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বড় পরিসরের এই প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সমন্বয়ের কারণে সিদ্ধান্ত নিতে যে বিলম্ব হয়, তা কমানোও এর অন্যতম লক্ষ্য।

কর্মীদের দেওয়া বার্তায় খসরুশাহী বলেন, ‘আরও ছোট ও দক্ষ সংগঠন হলে দায়িত্ব আরও স্পষ্ট হবে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে এবং সমন্বয়ের পেছনে কম সময় দিয়ে কাজ তৈরিতে বেশি সময় দেওয়া সম্ভব হবে।’

২০০৯ সালে যাত্রা শুরু করা উবার ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ি পরিবহননির্ভর নগর পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে। নিজেদের গাড়ি ব্যবহার করে যাত্রী পরিবহনের সুযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি দ্রুত বিশ্বজুড়ে বিস্তৃত হয়।

পরবর্তী সময়ে উবার খাবার ও বিভিন্ন পণ্য সরবরাহের পাশাপাশি স্বল্প দূরত্বে কুরিয়ার সেবাতেও ব্যবসা সম্প্রসারণ করেছে।

তবে বিভিন্ন দেশে উবার চালকদের পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। অনেক চালক অভিযোগ করেছেন, তাদের শ্রম ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারের তুলনায় তারা যথাযথ পারিশ্রমিক পান না।

এদিকে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কিছু দেশে কার্যক্রম বন্ধও করছে উবার। বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা নাইজেরিয়া ও উগান্ডায় ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এর আগে চলতি বছরের শুরুতে তানজানিয়াতেও কার্যক্রম গুটিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

বিষয়:উবারউবার ট্যাক্সিকর্মী ছাটাইচাকরি হারারাইড শেয়ারিং
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…