২৫ আগস্ট হুট করেই বিয়ের পর্ব সেরে ফেলেন লাক্স তারকা মেহরিন ইসলাম নিশা। পাত্র তার দীর্ঘদিনের বন্ধু সৈয়দ নাঈম আহমেদ। সম্প্রতি এই নব দম্পতি মধুচন্দ্রিমার জন্য গিয়েছেন থাইল্যান্ড। ৬ সেপ্টেম্বর ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান তারা। সেখান থেকে এখন সময় কাটাচ্ছেন ফুকেটে। থাকবেন আরও কিছুদিন।
ফেসবুকে নিশা বলেন, ‘বিয়ের একদিন পরেই শুটিংয়ে অংশ নিয়েছিলাম। কারণ আগে থেকে শিডিউল দেওয়া ছিল। এখন শুটিং থেকে বিরতি নিয়ে ছুটি কাটাতেে এলাম। ভালো সময় কাটছে। এখান থেকে ফিরে আবারও কাজে যোগ দিব।’
নিশার বর সৈয়দ নাঈম আহমেদ কাজ করছেন বিকাশের করপোরেট সেলস বিভাগের কর্মকর্তা হিসেবে। তাদের বন্ধুত্ব ২০০৫ সাল থেকে। দু’জনই রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ধীরে ধীরে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। ২৫ আগস্ট সন্ধ্যায় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয় এবং বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা।
২০১০ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন নিশা। এরপর থেকে নিয়মিতই নাটকে ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি।










