চন্দ্র জয়ের পর ২০৩০ সালে মঙ্গলে মানুষ পাঠানোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ইতিহাস গড়তে চলেছে। ২০৩০ সালে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোকে ‘একটি বিশাল লাফ’ বলে মনে করেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ২৯ দিন বাকী। এমন সময় মার্স মিশন বা মঙ্গল অভিযান নিয়ে বর্তমান প্রেসিডেন্টের একটি লেখা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
লেখার শুরুতেই মহাকাশ জয় নিয়ে নিজের স্মৃতি তুলে ধরেছেন ওবামা। মহাকাশ জয়ে মার্কিন অগ্রযাত্রা শুরুর সময়ে ওবামা ছিলেন শিশু। সেসময় দাদা’র কাঁধে চড়ে মহাকাশচারীদের হাওয়াই দ্বীপে অবতরণ করতে দেখেছিলেন ওবামা।
শিশু বয়সের সেইসব স্মৃতি এখনও তাঁর চেতনায় উজ্জ্বল হয়ে আছে জানিয়ে ওবামা লিখেছেন,‘ মহাকাশ অভিযান আমেরিকার সীমানা ছাড়িয়ে যাওয়ার কৌতুহলের বহিঃপ্রকাশ। যা করা সম্ভব আমরা তা-ই করি অন্যান্যদের আগে’।
এরই ধারাবাহিকতায় মহাকাশ জয়ে নানা পদক্ষেপ তুলে ধরেছেন ওবামা।
মঙ্গল জয়ে ২০৩০ সালে বিশাল একটি পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন,‘ ২০৩০ সালে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনার মাধ্যমে মহাকাশ জয়ের মার্কিন অগ্রযাত্রায় আমরা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ঠিক করেছি’।
শুধু মানুষ আনা-নেয়াতেই লক্ষ্য সীমিত হবে না বরং মঙ্গল গ্রহে টেকসই বিজয়ের জন্য গবেষণা ও পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি লিখেছেন,‘ আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে কক্ষপথের বাধা পেরিয়ে যাওয়া। আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মহাকাশের আরও গভীরে দীর্ঘ অভিযানের সুবিধার জন্য মহাকাশচারীদের বাসস্থান ও পরিবহন প্রকল্প নিয়ে বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে কাজ করছি আমরা’।








