শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনাকে ‘মগজহীন নর্দমার কীটদের বৃথা চেষ্টা’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন একাত্তরের শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলতাফ মাহমুদ এবং জাফর ইকবালের জন্মদিন একই দিনে, ২৩ ডিসেম্বর। শুধু জন্ম সালে হেরফের। কি ভীষণ অদ্ভুত মিল দুজনের। প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকা দুজনের কখনই মৃত্যুদিন থাকবে না। কারণ ভালোবাসার মানুষের মৃত্যুদিন থাকে না। তাঁরা মানুষের মনে বেঁচে থাকে। মানুষের ভালোবাসাতে, শ্রদ্ধায়, মননে, রক্তের ধারায়, শিরায় শিরায় সঞ্চারিত হয়ে থাকে। তাঁদের শারীরিক শূণ্যতা সৃষ্টি করতে যারা এসব আক্রমণাত্মক বা হত্যা করবার পরিকল্পনা করে, তারা মগজহীন কর্দমার কীট বলেই বৃথা চেষ্টা করে থাকে।









