মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে নিউইয়র্কের বাড়ির কাছে চাপ্পাকোয়ায় ভোট দেন হিলারি। আর ট্রাম্প ভোট দেন নিউইয়র্ক সিটির একটি কেন্দ্রে।
ভোট প্রদানের সময় হিলারির সাথে ছিলেন তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। আর ট্রাম্পের সাথে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
মার্কিন সময় মঙ্গলবার সকালে শুরু হয় যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। যদিও মূল ভোটগ্রহণের আগেই মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে অনুষ্ঠিত হয় প্রথম আর্লি ভোটিং (early voting)। নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচে অনুষ্ঠিত ওই ভোটকেন্দ্রে জয় পান হিলারি। এছাড়াও সাড়ে ৪ কোটিরও বেশি ভোটার দিয়েছেন আগাম ভোট।
নানা কারণেই এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে অনেক উত্তেজনা। প্রচারণার শুরু থেকেই নানা বিষয়ে উত্তাপ ছড়িয়েছেন দু’প্রার্থী। তবে সবকিছুকে ছাপিয়ে সর্বশেষ জনমত জরিপে এগিয়ে রয়েছেন হিলারি। ইলেকটোরাল কলেজ ভোটেও হিলারি শক্ত অবস্থানে রয়েছেন।
জরিপ অনুযায়ী, ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭৪টিতেই এগিয়ে রয়েছেন হিলারি। আর ট্রাম্পের পক্ষে ১৭০টি। আর বিভিন্ন অঙ্গরাজ্যের অবশিষ্ট ৯৪টির মধ্যেও বেশিরভাগেই এগিয়ে রয়েছেন হিলারি।
সর্বশেষ জরিপ অনুযায়ী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ১৩টি দোদুল্যমান ব্যাটলগ্রাউন্ডের মধ্যে কলোরাডো, ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও উইসকনসিনে এগিয়ে হিলারি। অ্যারিজোনা, জর্জিয়া, আইওয়া, নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা এবং ওহাইয়োতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তবে ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা এবং ওহাইয়োকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দু’প্রার্থী। এসব রাজ্যের জয়-পরাজয়ই প্রেসিডেন্ট হওয়া না হওয়ার বিষয়টি নির্ধারণ করবে।
এনবিসির সর্বশেষ জনমত জরিপে হিলারিকে সমর্থন জানিয়েছেন ৪৭ শতাংশ এবং ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ৪১ শতাংশ ভোটার। ওয়াল স্ট্রিট জার্নালের সর্বশেষ জনমত জরিপেও এগিয়ে রয়েছেন হিলারি। ফক্স নিউজের জরিপেও হিলারি ৪ পয়েন্টে এগিয়ে আছেন।
এবারের নির্বাচনে অভিবাসীদের রেকর্ড সংখ্যক ভোট পড়বে বলে আশা করা হচ্ছে। আগাম ভোটও পড়েছে রেকর্ড সংখ্যক। যার বড় অংশই পাচ্ছেন হিলারি ক্লিনটন। ওদিকে বয়স্ক শেতাঙ্গ এবং কলেজের গন্ডি পার হয়নি এমন ভোটারদের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা তুঙ্গে।
এবারের নির্বাচনে প্রায় ২২ কোটি ভোটার নির্বাচিত করবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে যিনিই বিজয়ী হোন, তার সামনে থাকবে প্রবলভাবে বিভক্ত এক দেশ।
নির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে ৬ ডিসেম্বর। তবে বুধবার সকালেই জানা যাবে জানা যাবে মার্কিনিদের নতুন নেতা কে হচ্ছেন।










