ভূমিকম্প বিধ্বস্ত নেপালের ধ্বংসস্তূপ থেকে বেঁচে আসা এক গর্ভবতী নারী সুস্থভাবেই সন্তান জন্ম দিয়েছেন। নবজাতক বাচ্চাটিও বেশ সুস্থ আছে। বুধবার রেডক্রস এ তথ্য জানিয়েছে।
দোলমা তামাং নামের ওই নারী গত ২৫ এপ্রিল নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে তার বাড়িসহ মাটি চাপা পড়েন। কিন্তু বহু চেষ্টায় সে তার বাড়ির ধ্বংসস্তূপ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে সমর্থ হন। সেই মুহূর্তে তিনি বুঝতে পারছিলেন না কোথায় যাবেন সাহায্যের জন্য। একসময় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে অচেতন অবস্থায় খুঁজে পায় জাপানের একটি ভ্রাম্যমান মেডিকেল টিম। তারাই তাকে হাসপাতালে নিয়ে যায়।
তামাং বলছিলেন, তিনি যখন মাটির গর্ভে বাড়িসহ মাটি চাপা পড়েছিলেন তখন ভেবেছিলেন হয়তো আর এ সন্তানের মুখ দেখা হবে না। কিন্তু তিনি সেটা কোনোভোবেই মানতে পারছিলেন না। সন্তানের বেঁচে থাকার নিশ্চয়তা দিতে যুদ্ধ করে সেখান থেকে নিজেকে বের করে আনেন। বার বার চিন্তা করছিলেন সন্তান ঠিক আছে তো!
এখন তিনি নিশ্চিন্ত। এই সন্তানই সর্বস্ব হারানো তামাংয়ের নতুন আশা। নতুন করে জীবন সংগ্রামে নামার অনুপ্রেরণা।
নেপালে ২৫ এপ্রিল ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে আট হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। এর পর সেখানে গত ১২ মে দ্বিতীয় দফার ভূমিকম্পে প্রাণ হারায় ৪৮ জন।







