নিজেদের র্যাবের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। প্রতারক চক্রটির দুইজন সদস্য নিজেদের ভুয়া র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে অপকর্ম করে বেড়াত বলে জানা গেছে।
রাজধানীর হাজারীবাগের পশ্চিম সুলতানগঞ্জ এলাকা থেকে ওই র্যাব কর্মকর্তা পরিচয় দানকারী দুই ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২।
গ্রেফতারকৃতরা হলেন, আরশাদ উজ জামান (৩৭) ও রোজী আক্তার (২০)। এসময় তাদের কাছ থেকে একটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ ও একটি মোবাইল সেট জব্দ করা হয়।
র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জায়গা-জমিসহ বিভিন্ন আর্থিক ও প্রাতিষ্ঠানিক সমস্যা সমাধানের আশ্বাসে নিজেদের র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
তিনি আরো জানান, এদের মধ্যে আসাদ উজ জামান নিজেকে র্যাব-২ এর অফিসার কর্নেল জামান দাবি করত। ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে তাকে চাকরিচ্যুত করার পরে এলাকায় নিজেকে সেনাবাহিনীর মেজর, ক্যাপ্টেন এবং বড় বড় রাজনৈতিক নেতার ভাই ভাতিজা ইত্যাদি পরিচয় দিত।
অপর আসামি রোজী আক্তার বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পুলিশ অফিসার হিসেবে ছবি তৈরি করে এবং মোবাইলে থাকা র্যাব-পুলিশের ইউনিফর্ম পরিহিত ছবি প্রদর্শন করে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিত।
গ্রেফতার দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।







