ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সাব্বির রহমানের দুরন্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভালো করেছে বিসিবি একাদশ। দিন শেষে নাফিস-সৌম্যরা ৪ উইকেটে ১৩৬ রান করলে ম্যাচটি ড্র হয়। এর মধ্যে উদ্বোধনী জুটির দুজনই রিটায়ার্ড আউট হন। তবে নির্ধারিত ৪৫ ওভারের চেয়ে এক ওভার কম খেলে বিসিবি একাদশ।
উদ্বোধনী জুটিতে নামা শাহরিয়ার নাফিস ৫১ রান এবং সৌম্য সরকার ৩৩ রান করে রিটায়ার্ড আউট হন। পরে বিসিবি একাদশের দুটি উইকেটই শিকার করেন গ্যারেথ ব্যাটি। অধিনায়ক সাব্বির রহমান ৩০ রান করে গ্যারেথ ব্যাটির বলে এলবিডাব্লিউ হন। এরপর ব্যাট করতে নামা মোসাদ্দেক হোসেন শূণ্য রানেই আউট হন। গ্যারেথ ব্যাটির বলে হাসিব হামিদের হাতে ধরা পরেন তিনি। নাজমুল হোসেইন শান্ত ১৭ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে প্রথম ব্যাট করে ৪ উইকেটে ১৩৭ রান করে ইংল্যান্ড একাদশ। ম্যাচে অতিথিদের আউট হওয়ার তিন উইকেটই তুলে নেন সাব্বির। অপর ব্যাটসম্যান রিটায়ার্ড আউট হন।
সাব্বিরের নেওয়া তিনটি উইকেটের মধ্যে একটি টেস্টে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটের (২)। অন্য দুটি আলোচিত তরুণ ব্যাটসম্যান হাসিব হামিদ (১৬) ও অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলীর (২৪)। রিটায়ার্ড আউট হওয়া ডুকেট করেন ৫৯ রান।
সাব্বিরের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে নুরুল হাসানের হাতে ধরা পড়েন হাসিব। এরপর রুটকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। আর মঈনের উইকেটটি নিয়েছেন কামরুল ইসলাম রাব্বির হাতে ক্যাচ বানিয়ে।
দুই দিনের এই ম্যাচটির প্রথম দিন পরিত্যক্ত হয়েছিল আউটফিল্ড বৃষ্টিতে ভেজা থাকার কারণে। তাই আজ ম্যাচ হয় ৪৫ ওভারের।








