বেজে চলেছে রবীন্দ্র সংগীত , ‘দিবস রজনী, আমি যেন কার আশায় আশায় থাকি/ তাই চমকিত মন, চকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি’। তার সমান্তরালে চলছে রফিক আজাদের কবিতা আবৃত্তি। ‘আমি তোমার জন্যে পথপ্রান্তে অশ্বত্থের মতো দাঁড়িয়ে থাকবো/ ঐ বৃক্ষ অনন্তকাল ধ’রে যোগ্য পথিকের জন্যে প্রতীক্ষমাণ/ আমাকে তুমি প্রতীক্ষা করতে বোলো/ আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে/ দাঁড়িয়ে থাকতে-থাকতে আমার পায়ে শিকড় গজাবে’।
গান-কবিতার সংমিশ্রণে তৈরি মিউজিক ভিডিও অভিব্যক্তি প্রকাশ করে চলেছেন দুই মডেল। অভিনব ভাবনার এমন মিউজিক ভিডিও ‘প্রতীক্ষা’’ প্রকাশ পাবে ১৪ ফেব্রুয়ারি। ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে এটি নির্মাণ করেছেন মুর্তজা লিংকন।
ম্যাক্সব্যাকের প্রযোজনায় এটি এসএ প্রোডাকশনসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। কবিতায় কণ্ঠ ও চরিত্রায়নে কাজ করেছে আবৃত্তিকার উপস্থাপক শিববীর। রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিয়েছেন সুমি আক্তার। সাইদুল ইসলামের চিত্রগ্রহণে ভিডিওতে অংশ নিয়েছে মডেল বারিশ হক।









