ভারতের পাঠানকোটে বিমান ঘাঁটিতে হামলার জন্য পাকিস্তানে আশ্রয় নেওয়া জৈশ-ই-মুহম্মদের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহারের দিকে আঙুল তুলেছে ভারত।
তবে এরই মধ্যে এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতের পাঠানকোটে সন্ত্রাসী হামলার নিন্দা জানায় দেশটি।
বিবৃতিতে বলা হয়, ‘ভারতের সরকার, জনগণ ও নিহতদের পরিবারবর্গকে আন্তরিক সমবেদনা, শোক জানাচ্ছি আমরা। যারা আহত হয়েছে, তাদেরও দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করছি’।
সম্প্রতি দু’দেশের সর্বোচ্চ স্তরে যোগাযোগ আবার শুরু হওয়ায় যে সদিচ্ছা, আস্থার আবহ গড়ে উঠেছে, তার ভিত্তিতে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের সঙ্গী হতে তারা দায়বদ্ধ বলে জানিয়েছে ইসলামাবাদ।
ইসলামাবাদের বিবৃতিতে আরও বলা হয়, আমাদের এই অঞ্চলে ত্রাস ছড়ানো সন্ত্রাসবাদের পুরোপুরি অবসান ঘটাতে ভারত ও অন্যদের নিয়ে একসঙ্গে কাজ করতে দায়বদ্ধ পাকিস্তান।






