ভারতীয় ব্যবহারকারীদের জন্য বেশ বড়সড় পরিকল্পনা করছে গুগল। শীঘ্রই দেশটিতে চালু করা হবে গুগলের কন্টেন্ট সেবা ‘গুগল ফিড’। এর পাশাপাশি স্মার্ট স্পিকার এবং গুগল হোম সেবাও দেশটির ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করছে সুন্দর পিচাইর নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি।
গুগলের একজন কর্মকর্তা এ পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
গুগল সার্চের ভাইস প্রেসিডেন্ট শশীধর ঠাকুর একটি টেক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ‘আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না কবে নাগাদ ভারতে এই সেবাটি চালু করা হবে। তবে আমরা দ্রুতই ভারতের জন্য গুগল ফিড চালু করতে চাই।’ ভারতে সেবাটি চালু করার জন্য দেশটির ২০টি ভাষা নিয়ে বেশ জোরেশোরেই গুগল কাজ করছে, জানান তিনি।

ভারতের স্থানীয় কন্টেন্ট নিয়ে কাজ করার বড়সড় পরিকল্পনা রয়েছে গুগলের। শশীধর ঠাকুর আরও জানান, ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা প্রচলিত যা গুগলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। একই শব্দ একেক ভাষায় একেকভাবে লেখা হয় যার জন্য গুগলের অ্যালগরিদম তৈরি করাটা বেশ চ্যালেঞ্জিং। তবে এর মাধ্যমে ভারতের ব্যবহারকারীদের বেশ উন্নত সেবা দেওয়া সম্ভব হবে বলেও মনে করেন তিনি।
গত মাসেই গুগল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে গুগল ফিড সেবাটি উন্মুক্ত করে যাতে একজন ব্যবহারকারী তার অবস্থান, সার্চ হিস্টরি এবং নির্বাচিত বিষয়ের ভিত্তিতে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পাবেন। এছাড়া এ বছরের মধ্যেই এতে আরও যুক্ত করা হবে ‘নিউ টু ইউ’ নামে আরও একটি নতুন ফিচার যার মাধ্যমে একজন ব্যবহারকারীর পছন্দ অনুসারে একটি নির্দিষ্ট বিষয়ের উপর একাধিক সংবাদ পরিবেশন করা হবে যার মাধ্যমে ওই বিষয়ের উপর বিস্তারিত জানতে পারবেন ব্যবহারকারী।







