ক্রিকেট

ভারতের ভয় ধরাচ্ছে ওয়েলিংটনের পিচ!

খেলার মাঠে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলার মাঠে কিছু খেলোয়াড় প্রস্তুতি নিচ্ছে, দর্শকরা দূরে বসে দেখছেন, একটি বড় স্ক্রিনও দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর নিউজিল্যান্ডের বিপক্ষে এবার টেস্ট পরীক্ষা ভারতের। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুক্রবার শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথমটি। সেই ম্যাচের আগে বেসিন রিজার্ভের সবুজ উইকেট দেখে ঘাবড়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির ক্রিকেট ভক্তরা!

প্রচণ্ড বাতাস আর বাউন্সি উইকেটের জন্য বেসিন রিজার্ভের উইকেট এমনিতেই ব্যাটসম্যানদের জন্য এক আতঙ্কের নাম। বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানদের নিয়ে সাজানো ভারতকে আটকাতে সেই উইকেটকে আরও ভয়ঙ্করভাবে সাজিয়েছে নিউজিল্যান্ড। নিজেদের পেস অ্যাটাকের ভাবনা মাথায় রেখে পুরো উইকেট ঢেকে দিয়েছে সবুজ ঘাসে।

উইকেটে সবুজ ঘাস মানে বাড়তি বাউন্স আর পেসারদের জন্য সুইংয়ে সাজানো স্বর্গ। ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের মতো সুইং নির্ভর কিউই পেসারদের এমন উইকেট দেখে জিভে জল চলে আসার কথা। প্রতিপক্ষের পেসারদের সুবিধা মানেই যে কোহলিদের বিপদ সেটা ম্যাচের আগেরদিনই টের পেয়ে গেছে বিসিসিআই। নিজেদের টুইটার পেজে উইকেটের ছবি দিয়ে বোর্ডটি লিখেছে, ‘মনে হচ্ছে টেস্টের বাইরের কোনো উইকেট। বেসিন রিজার্ভের উইকেট দেখতে এমনই।’

বিসিসিআইয়ের সেই টুইটের পরপরই ভক্তরা পাল্টা টুইট করেছে। এক ভক্ত লিখেছে, ‘কোহলি প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে ৫!’ আরেক ভক্তের লেখা, ‘প্রথমে ব্যাট করলে লাঞ্চের আগেই আমাদের ৫ উইকেট যাবে।’

কেউ কেউ বলে দিয়েছে ফলও। একজনের লেখা, ‘ভারত হারছে’। আরেকজনের ভবিষ্যদ্বাণী, ‘নিউজিল্যান্ড ইনিংস ব্যবধানে জিততে চলেছে কোনো সন্দেহ নেই।’

বিষয়:নিউজিল্যান্ড-ভারত টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…