শুক্রবার (২১ অক্টোবর) থেকে ভারতীয় সব টিভি চ্যানেল ও রেডিও নেটওয়ার্ক নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানে। দেশটির স্থানীয় সময় বিকাল তিন’টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি-পিইএমআরএর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের ক্যাবল টিভি ও রেডিও অপারেটররা বলিউডের কোনও গান বা ছবিসহ ভারতীয় কোনও খবর বা বিনোদনের কোনও অনুষ্ঠানই আর প্রচার করতে পারবে না।
তবে এই নিষেধাজ্ঞা জারির ফলে সেসব পাকিস্তানিই ভারতীয় টিভি চ্যানেল দেখতে পাবেন যাদের নিজস্ব স্যাটেলাইট ডিশ রয়েছে, এছাড়া বাকিরা বঞ্চিত হবে।
পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের অনেকের বাড়িতে স্যাটেলাইট ডিশ আছে যেখানে ক্যাবল নেটওয়ার্ক সুবিধা নেই।
এর আগে পাকিস্তানি মিডিয়াকে বলা হয়েছিল ১৫ই অক্টোবরের মধ্যে ভারতীয় অনুষ্ঠানের সংখ্যা যেন ছয় শতাংশে নামিয়ে আনা হয়। চব্বিশ ঘণ্টার মধ্যে মাত্র কয়েক ঘণ্টা দেখানোর নির্দেশ দেয়া হয়েছিল।

নির্দেশ অনুযায়ী পাকিস্তানি চ্যানেলগুলো অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছিল, তবে এখন ভারতীয় অনুষ্ঠান ও চ্যানেল প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আনায় আবারও নতুন করে অনুষ্ঠানসূচি সাজাতে হবে পাকিস্তানি মিডিয়াকে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে এক সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। ভারতের পক্ষ থেকে এ হামলায় পাকিস্তানকে দায়ী করা হয়। এরপরই থেকেই দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে। ওই হামলার পরই ভারত এলওসিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায়।
সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই পাকিস্তান নিজ দেশে ভারতীয় চ্যানেল নিষিদ্ধের এ সিদ্ধান্ত নিল।
২০১৪ সাল থেকে কাশ্মীরের উত্তরাঞ্চলে চালানো হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।







