২০ বছরের অপেক্ষা ঘুচল শ্রীলঙ্কার মেয়েদের। পাঁচবার এশিয়া কাপ ফাইনাল খেললেও এবারই প্রথম চ্যাম্পিয়ন হল তারা। রোববার ডাম্বুলায় আসরের ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে ৮ উইকেটে হারিয়েছে চামারি আত্তাপাতুর দল। ১৬৬ রান তাড়ায় জেতা ম্যাচে স্বাগতিক দেশের অধিনায়ক খেলেন ৪৩ বলে ৬১ রানের ইনিংস।
পরে দারুণ ফিনিশিংয়ে ম্যাচ জেতান হারসিথা সামারাবিক্রমা। ৫১ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে হন ম্যাচসেরা। ১৬ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে জয়ে অবদান রাখেন কাভিশা দিলহারি। ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কান মেয়েরা।
১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ভিস্মি গুনারত্নে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ৩ বলে ১ রান করে। অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে একশর কাছে চলে যায় শ্রীলঙ্কা। আত্তাপাতু ও সামারাবিক্রমা ৮৭ রানের জুটি উপহার দেন আগ্রাসী ব্যাটিংয়ে।
২০০৪ সাল থেকে ২০০৮, প্রথম চার আসরে রানার্সআপ হয় শ্রীলঙ্কা। ফাইনালে ভারতের কাছেই তারা বার বার হারে। দুই দশক পর স্বপ্ন পূরণ হলো তাদের।
টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে ভারত। ওপেনার স্মৃতি মান্ধানার অর্ধশতকে ইনিংসজুড়ে শক্ত অবস্থান বজায় রাখে দলটি। ৪৭ বলে ৬০ রান করেন স্মৃতি।
তবে বোলারদের ব্যর্থতায় ভালো সংগ্রহ নিয়েও সুবিধা করতে পারেনি হারমানপ্রীত কৌরের দল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন কাভিশা দিলহারি। ভারতের হয়ে এক উইকেট নেন অফস্পিনার দীপ্তি শর্মা।







