শুরুতে ভারত কেঁপে উঠল বাঁহাতি পেসার শরিফুল ইসলামের আঘাতে। সাঞ্জু স্যামসন ১ রান করে এলবিডব্লিউর শিকার হন। দ্রুত উইকেট তোলার স্বস্তি অবশ্য রূপ নেয় অস্বস্তিতে। তিনে নেমে ঝড় তোলেন রিশভ পান্ট। সাকিব আল হাসানের এক ওভারেই মারেন তিনটি ছক্কা। ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলে যান স্বেচ্ছা অবসরে। শেষে হার্দিক পান্ডিয়ার ক্যামিওতে বড় সংগ্রহই গড়েছে শক্তিশালী ভারত।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্লাব মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ভারত ১৮২ রান তুলেছে ৫ উইকেট হারিয়ে। ওয়ার্মআপ ম্যাচ হওয়ায় একাদশ চূড়ান্তের বালাই ছিল না। স্কোয়াডের ১৫ ক্রিকেটারই ছিলেন ম্যাচের অংশ।
সবচেয়ে বেশি রান হজম করতে হয়েছে সাকিবকেই। ৪ ওভারে দিয়েছেন ৪৭। পাননি উইকেটের দেখা। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে ৮ বোলার ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাদ যাননি মাহমুদউল্লাহ রিয়াদ, এমনকি সৌম্য সরকারও। ২ ওভার বল করে ১৬ রান দিয়ে মাহমুদউল্লাহ তুলে নেন রোহিত শর্মার উইকেট। ভারতীয় ওপেনার ১৯ বলে ২৩ রান করে ফেরেন সাজঘরে।
ব্যাটিংয়ে নামেননি বিরাট কোহলি। শেষে পান্ডিয়ার ২৩ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস ভারতকে নিয়ে যায় দুইশর কাছাকাছি। বড় সংগ্রহে অবদান রাখেন সূর্যকুমার যাদব। ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন। শিকার হন বাঁহাতি স্পিনার তানভির ইসলামের।
দারুণ বোলিং করেছেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় শিভম দুবের উইকেট তুলে নেন। নতুন বলে প্রথম ওভারটি করেন টাইগার অফস্পিনারই। সৌম্য ১ ওভারে দেন ১১ রান। লেগ স্পিনার রিশাদ হোসেন ২ ওভারে ১৯ রান দেন।







