একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২১ দিন বিলম্ব ফি ছাড়াই কলেজগুলোতে ভর্তি হওয়া যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সীমাবদ্ধতা থাকলেও কোনো না কোনো সময় এই পদ্ধতিতে যেতে হবে। এবারের ভর্তি প্রক্রিয়া বিরাট একটা কর্মযজ্ঞ ছিল।’
ভবিষ্যতে আর এ সমস্যা থাকবে না বলে মন্ত্রী আশ্বস্ত করেন।
শিক্ষামন্ত্রী জানান, এবার মোট ১১ লাখ ৫৬ হাজার ২৫৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছিলো। এর মধ্যে নয় লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে।
এবারে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হয়। তিন দফা পেছানোর পর ২৮ জুন একাদশ শ্রেণিতে ভর্তির তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় বেশ কিছু ত্রুটি ধরা পড়ে।
নাহিদ বলেন, আমরা যে কম ঢাল তলোয়ার নিয়ে বড় যুদ্ধে নেমেছি তা সবাই বুঝতেই পারছেন। আমাদের দক্ষতা-সীমাবদ্ধতা, যথার্থ প্রযুক্তির অভাব এসব কিছু নিয়েই এই পদক্ষেপ নিয়েছি। যেসব শিক্ষার্থী ও অভিভাবকরা ভর্তির জন্য ভোগান্তির শিকাড় হয়েছেন তাদের সবার প্রতি আমি দুঃখ প্রকাশ করছি।
তিনি আরো বলেন, কোনো শিক্ষার্থীই ভর্তির বাইরে থাকবে না।
অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাবোর্ড ৪টি ধাপে ভর্তির প্রক্রিয়া শেষ করবে। যারা পছন্দমতো কলেজে ভর্তি হতে পারেন নি বা কোনো কলেজে ভর্তি হতে পারলেও পরিবর্তন করতে চান তারা ৬ তারিখে এই আবেদন করতে পারবেন। ৭ ও ৮ জুলাই এই দুই দিনের মধ্যে তারা ভর্তি হতে পারবেন।
আর যেসকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় নির্বাচিত হয়েও কোনো প্রতিষ্ঠানে ভর্তি হন নি, তাদের কোনো প্রকার ফি ছাড়া যেকোনো ৫টি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান সচিব এবং তার মধ্যে কোনো বিরোধ নেই। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সবার পরামর্শ নিয়ে তার নির্দেশেই পরিচালিত হয় মন্ত্রণালয়।






