অনেক কাঠ-খড় পুড়িয়ে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত।’ অবশ্য মুক্তির পরে সাফল্যও পেয়েছে রাতারাতি। তবে সাফল্য পাওয়ার খুশিতে অবসর কাটানোর পরিকল্পনা নেই বানসালির। ইতিমধ্যেই নাকি পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন তিনি।
সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন যে তার পরের ছবিটিও হবে ‘বিগ বাজেট।’ তার কঠিন সময়ে যেসব প্রযোজকরা পাশে ছিলেন, তারাই আবারও পাশে থাকার কথা দিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, ‘পরের ছবিটিও বড় বাজেটের মিউজিক্যাল ছবি হবে। কারণ বানসালি ছোট কিছু চিন্তা করতে পারেন না। এমনকি ‘ব্ল্যাক’ বা ‘গুজারিশ’ এর মতো বাজেট ছবিও শেষ-মেষ অনেক বড় কিছু হয়ে যায়। পদ্মাবত’ এর পরে একটু ছোট কিছু করার ইচ্ছা থাকলেও তিনি পারবেন না। পরের ছবির বাজেট ১৫০ থেকে ১৭৫ কোটি রুপি হবে।’
পরের ছবি নিয়ে সবারই একই প্রশ্ন, দীপিকা এবং রণবীর কি আবারও থাকছেন? তবে তৃতীয়বারও এই জুটিকে নিয়ে ছবি করবেন কিনা সেই ব্যাপারে নিশ্চিতভাবে এখনও কিছু জানানো হয়নি।
২৫ জানুয়ারি মুক্তি পেয়ে ‘পদ্মাবত’ ইতিমধ্যেই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে মাত্র ৫ দিনে। ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন, রণবীর সিং এবং শহীদ কাপুর। ডিএনএ ইন্ডিয়া







