বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা থেকে সম্পূর্ণ সরে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন আশ্বাস পাওয়ার পর উয়েফা বিশ্বকাপ বয়কটের হুমকি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করতে চলেছে। দ্রুতই উয়েফার সদস্য ফেডারেশনগুলো বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র হবে। সেখানে বয়কটের হুমকি প্রত্যাহার করা হতে পারে। বুধবার উয়েফার এক সদস্য এমন কথা সামনে এনেছেন। যদিও বৈঠকের আগে সেই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
৫ সেপ্টেম্বর পোল্যান্ডে গড়াবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ। বয়কটের হুমকি উঠে যাওয়ার পর, ৬টি ইউরোপীয় দেশ প্রস্তুতি চালিয়ে যাওয়ার অনুমতি পাবে। গত সপ্তাহে ফ্রান্স ও স্পেন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে। ইনফান্তিনোর বিনিয়োগকারী পরিকল্পনার বিরুদ্ধে ইউরোপের সিদ্ধান্তের কারণে, সেই দেশগুলোর আসরে খেলা ঝুঁকিতে ছিল। যেখানে আরও রয়েছে ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল এবং আয়োজক পোল্যান্ড।
ফিফা বিবৃতিতে উয়েফার আসন্ন সিদ্ধান্তকে ইতিমধ্য স্বাগত জানিয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, কঠিন পরিস্থিতিতেও ফুটবলের ঐক্যবদ্ধ করার শক্তি রয়েছে এবং তারা পোল্যান্ডে সকল দল ও খেলোয়াড়কে স্বাগত জানাতে মুখিয়ে আছে।’
ঘটনার সূত্রপাত ফিফা সভাপতির বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা প্রকাশ হয়ে পড়ার পর। বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি আলাদা বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছিল অভিভাবক সংস্থা। নতুন প্রতিষ্ঠানে বহিরাগত বা তৃতীয় পক্ষের শেয়ার কেনার সুযোগ থাকত। যে পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ফিফার সঙ্গে উয়েফা ও কনক্যাকাফের দূরত্ব তৈরি হয়। উয়েফা জানায় পরিকল্পনাটি বাস্তবায়ন হলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে ইউরোপের দেশগুলো।









