মঈন আলীকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মেরেই ইতহাসের পাতায় ঢুকে গেলেন পাকিস্তানের ‘নির্ভরযোগ্য’ ব্যাটসম্যান হিসেবে পরিচিত ইউনিস খান।
পাকিস্তানের ক্রিকেটে বড়ো মিয়া খ্যাত জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়ে টেস্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এখন ইউনিস খান। টানা ৩০ বছর রেকর্ডটি ছিলো পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত মিয়াঁদাদের।
দুবাইতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জাভেদ মিয়াঁদাদের থেকে ১৯ রান পেছনে থেকে মাঠে আজ নেমেছিলেন ইউনিস। চা-বিরতির পর ব্যাটিংয়ে নামেন তিনি। এরপর কাঙ্খিত মাইলফলকটি ছুঁতে আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। রেকর্ডটি ইউনিস নিজের করে নিয়েছেন রাজসিক ভঙ্গিতে।
এক প্রতিক্রিয়ায় ইউনিস পাকিস্তানের দৈনিক ডনকে বলেন, রেকর্ড করতে পেরে ভালো লাগছে। তবে ক্রিজে থাকতে পারলে আরো ভালো লাগতো।
অধিনায়ক মিজবাহ উল বলেছেন, ইউনিস পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন। দায়িত্ব নিয়েই খেলে যাচ্ছেন তিনি। এ রের্কড তারই শোভা পায়।
অবশ্য পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক এ রেকর্ডটি ৮ বছর আগেই নিজের করে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। ২০০৭ সালের ১২ অক্টোবর, ক্যারিয়ারের শেষ ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রান করলেই মিয়াঁদাদকে ছাড়িয়ে যেতে পারতেন তিনি।
কিন্তু ইউনিসের মতো ছক্কায় মাইলফলক ছুঁতে গিয়েই বাধিয়েছিলেন বিপত্তি। স্টাম্পড হয়ে গিয়েছিলেন বাঁহাতি স্পিনার পল হ্যারিসের বলে। সাজঘরে ফিরতে হয়েছিল মিয়াঁদাদের ৩ রান পেছনে রেখে।
৮ বছর পর ইউনিস ছাড়িয়ে গেলেন ইনজামাম ও মিয়াঁদাদকে। ১২৪ টেস্টে ৮ হাজার ৮৩২ রান ছিল মিয়াঁদাদের। ইউনিস তা ছাড়িয়ে গেলেন ১০২ টেস্টেই।
১৮৯ ইনিংস খেলেছিলেন মিয়াঁদাদ, ১৮১ ইনিংসে তাকে ছাড়ালেন ইউনিস। সেখানে মিয়াঁদাদের সেঞ্চুরী ২৩টি আর ইউনিসের ৩০টি।






