ইউনিস বন্দনা চলছেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানি লিজেন্ট ব্যাটসম্যান। সতীর্থ এবং দেশবাসীদের কাছ থেকে শুভ কামনা তো পাচ্ছেনই। এবার ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডস থেকেও পেলেন সম্মাননা। বৃহস্পতিবার টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহককে সম্মানিত করেছে এমসিসি।
এমন সম্মাননায় যারপরনাই খুশি ইউনিস। জানালেন এতটা সম্মান আশা করেননি তিনি, ‘এটা আমার কল্পনারও বাইরে। খুব উপভোগ করলাম। এখানে আমার বন্ধু-শুভাকাঙ্ক্ষী এসেছে। সম্মানিত বোধ করছি।’
পাকিস্তানের কোচ মিকি আর্থারেরও প্রশংসা পাচ্ছেন ইউনিস। মনোযোগ এবং পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করা এই পাকিস্তানি ব্যাটসম্যানকে ধন্যবাদ জানিয়েছেন আর্থার, ‘আমার সৌভাগ্য যে ইউনিসের মত একজন কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরেছি। এ অনেক বড় সম্মান।’
বিদায়ী সিরিজে প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজারী ঘরে নাম লিখিয়েছেন ইউনিস। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৩২টি শতকের মালিকওইউনিস। তার ২১৮ রানে ভর করেই ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তানিরা। করেছিল সিরিজ ড্র।








