আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন ইরমা ধেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে। তবে তার আগে ব্রিটিশ দ্বীপপুঞ্জ টার্কস এন্ড কেইকোসে সরাসরি আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড়টি।
আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের মাত্রা হবে ক্যাটাগরি ফাইভ- যা মার্কিন মাপদণ্ডে সর্বোচ্চ। ঘণ্টায় ২শ’ ৮৫ কিলোমিটার গতিবেগের বাতাসের সাথে ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ক্যারিবীয় দ্বীপগুলোতে হারিকেন ইরমার আঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বারবুডা দ্বীপের। এর প্রভাবে সেখানকার ৯০ ভাগ স্থাপনাই ধ্বংস হয়ে গেছে। রোববার নাগাদ হারিকেন ইরমা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ক্যাটাগরি ফোর শক্তিমত্তা নিয়ে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
৭ বছরে দ্বিতীয়বারের মতো আটলান্টিকে একইসাথে মোট ৩টি ঘূর্ণিঝড় অবস্থান করছে। মেক্সিকো উপকূলে হারিকেন ‘কাটিয়া’ এবং ক্যারিবীয় অঞ্চলেই আরেকটি হারিকেন ‘হোসে’ অবস্থান করায় এ অঞ্চলের আবহাওয়া স্থিতিশীল হতে বেশ খানিকটা সময় লেগে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।







