ইকুয়েডরের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেয়েছে পাঁচ নতুন মুখ। ইউরোপের ক্লাব ফুটবলে খেলা ব্রাজিল তারকাদের ওপর এবার বেশ ধকল গেছে; সেই চোটের ধাক্কা এখনো পুরো সামলে উঠতে পারেনি বলেই তিতে তার দলে নিয়েছেন পাঁচ নতুন মুখ।
আগামী ১ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে তারা। এরপর ৬ সেপ্টেম্বর প্রতিপক্ষ কলম্বিয়া।
এই দুই ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন তিতে। গ্যাব্রিয়েল জেসুস, তাইসন, রাফায়েল করিওকা, ফ্যাগনারের পাশাপাশি রাখা হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে। এঁরা কেউই এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
ব্রাজিলের রিও অলিম্পিকজয়ী দলের সাত খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে। এর মধ্যে গোলকিপার ওয়েভারটন ফাইনালে জার্মানির পঞ্চম শটটি ঠেকিয়ে দিয়েছিলেন। সেই পুরস্কারই হয়তো পেলেন।
এই দুই ম্যাচ পর্যন্ত বার্সেলোনা ছুটি দিয়েছে নেইমারকে। ফলে ব্রাজিল থেকে উড়ে এসে ইউরোপে ক্লাব ফুটবলে খেলে আবারও ব্রাজিল ফিরে যাওয়ার ধকল সহ্য করতে হচ্ছে না নেইমারকে।
ব্রাজিল দল: গোলরক্ষক( আলিসন বেকার, মার্সেলো গ্রোহে, ওয়েভারটন) ডিফেন্ডার(জিল, মারকুইনহস, মিরান্দা, রদ্রিগো, দানি আলভেস, ফ্যাগনার, ফিলিপে লুইস, মার্সেলো) মিডফিল্ডার( কাসেমিরো, গুইলিয়ানো, লুকাস লিমা, পাওলিনহো, ফিলিপে কৌতিনহো, রাফায়েল কারিওকা, রেনাতো অগুসেতা, উইলিয়ান)ফরোয়ার্ড( গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, তাইসন)








